সরফরাজের সালোয়ার কুর্তা মন জিতেছে ভারতের

পাকিস্তানের জাতীয় পোশাক পরে ব্রিটেনের রানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। এ নিয়ে বিতর্ক উঠলেও পাকিস্তান অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটা ইতিমধ্যেই ভাইরাল। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের অধিনায়কের ছবি। চোখ জুড়িয়ে দেয় আরকি। কিন্তু চোখজুড়ানো এই ছবি নিয়েই চলছে বিতর্ক। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
৯ দলের অধিনায়কের পরনে ছিল স্যুট-টাই সংবলিত পশ্চিমা পোশাক। শুধু সরফরাজের পরনে ছিল তাঁর দেশের জাতীয় পোশাক, সালোয়ার-কামিজ। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও বেশির ভাগ ক্রিকেটপ্রেমীর অবস্থান সরফরাজের পক্ষে। বিশেষ করে ভারতের ক্রিকেটপ্রেমীরা তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের প্রশংসা করে তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন।
বৈশ্বিক টুর্নামেন্টে দেশের জাতীয় পোশাক পরিচয় করিয়ে দিয়েছেন সরফরাজ, অধিনায়কোচিত কাজই করেছেন—এমন মত দিয়েছেন অনেকেই। আবার সরফরাজের সমালোচনাও করেছেন অনেকে। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহর তীব্র সমালোচনা সরফরাজের গায়ে লাগার কথা। রানির সঙ্গে অধিনায়কদের দেখা করার ছবি এবং সরফরাজের আরেকটি ছবি টুইটারে পোস্ট করে ফাতাহ লিখেছেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কেরা রানির সঙ্গে ছবি তুলেছেন। বলুন তো কে পায়জামা পরে এসেছে? আর কেউ নয়, পাকিস্তানের অধিনায়ক (পেছনের সারিতে বামে)। অন্য ছবিতে তাঁকে একবার দেখুন। কীভাবে একটা দেশ এমন...?’

ফাতাহ আরেকটি টুইটে লিখেছেন, ‘আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের অধিনায়কেরা স্মার্টলি জ্যাকেট ও টাই পরে এসেছে। কিন্তু না, পাকিস্তানি আসেনি স্যার। অবাক লেগেছে যে সে লুঙ্গি-স্যান্ডো গেঞ্জি-টুপি পরে আসেনি।’
লক্ষণীয় ব্যাপার হলো, ফাতাহ সম্ভবত ক্রিকেটকে সেভাবে অনুসরণ করেন না। নইলে টুইটে জিম্বাবুয়ের নাম উল্লেখ করতেন না। জিম্বাবুয়ে এবার ক্রিকেট বিশ্বকাপে নেই। তাঁর টুইটের জবাবে সমালোচনার হারই বেশি। এদিকে সরফরাজ নিজেই সালোয়ার-কামিজ পরে রানির সঙ্গে দেখা করার ব্যাখ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘সালোয়ার-কামিজ আমাদের জাতীয় পোশাক, আর বোর্ড থেকে আমি এসব করার নির্দেশ পেয়েছি। তাই চেষ্টা করেছি জাতীয় পোশাককে তুলে ধরার। অন্যান্য দলের অধিনায়কেরা স্যুট পরলেও জাতীয় পোশাক পরায় গর্ব অনুভব করেছি।’

পাকিস্তান অধিনায়কের পক্ষে অবস্থান নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের বেশির ভাগ ক্রিকেটপ্রেমী। তারেক ফাতাহর মন্তব্যের তুমুল সমালোচনা করেছেন পাকিস্তানি ভক্তরা। সরফরাজের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকেরাও। টুইটে ভারতের এক ক্রিকেটপ্রেমী মন্তব্য করেন, ‘এতে কোনো সমস্যা দেখছি না। তাঁকে দেখতে ভালোই লেগেছে। নিজেদের সংস্কৃতি তুলে ধরেছেন।’
অন্য একটি টুইটে মহাত্মা গান্ধীর উদাহরণ তুলে ধরে তারিক ফাতাহর উদ্দেশে ভারতের আরেক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘আপনার কাছ থেকে এটা আশা করিনি। মহাত্মা গান্ধী রাজার সঙ্গে লন্ডনে দেখা করেছিলেন ধুতি পরে। উপদেষ্টারা নিষেধ করেছিলেন। তাঁর জবাব ছিল, রাজাকে দেখাতে চাই যে সে আমাদের দেশ থেকে চুরি করেছে, তাই বিলাসিতা করার মতো কিছু নেই।’