সরল মুস্তাফিজের সরল স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন মুস্তাফিজের চোখেও। ছবি: প্রথম আলো
স্বপ্ন মুস্তাফিজের চোখেও। ছবি: প্রথম আলো
>নতুন দিন। নতুন বছর। নতুন আশা। নতুন স্বপ্ন। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের আগামীর তিন কান্ডারি তিন তরুণ তুর্কিকে ​নিয়ে তিনটি বিশেষ ফিচার প্রথম আলোর পাঠকদের জন্য। এই পর্বে থাকছে মুস্তাফিজুর রহমানের স্বপ্নের গল্প....

স্বপ্ন সবাই দেখে। কারও স্বপ্ন বাস্তবে রূপ নেয়, কারও নেয় না। তবুও স্বপ্ন দেখা কি থেমে যায়?
মুস্তাফিজুর রহমানও স্বপ্ন দেখেছিলেন। শুরুতে স্বপ্নের পরিধি হয়তো খুব বড় ছিল না। সাতক্ষীরা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের অজপাড়া গাঁয়ের এক কিশোরের স্বপ্ন ছিল জেলার হয়ে খেলবেন, ভালো করবেন। সেটি পূরণ হলে স্বপ্নের ব্যাপ্তিটা আরও বড়ে হলো। বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক ক্রিকেটে ভালো করে চলে এলেন মিরপুর পেস ফাউন্ডেশন ক্যাম্পে। এরপর? সব খেলোয়াড়ের অভিন্ন স্বপ্ন, দেশের প্রতিনিধিত্ব করা। মুস্তাফিজেরও তা-ই। সে স্বপ্নটা দ্রুতই ধরা দিল হাতে। এরপর বাংলাদেশ দলের হয়ে যা করলেন, তা তো ইতিহাস!
২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আবিষ্কার মুস্তাফিজ। মুস্তাফিজের সাফল্যের গল্প যতবার শোনা যায়, ততবারই অনুভব হয় নতুন করে শোনার অনুভূতি। মুস্তাফিজ নিজেও কি ভেবেছিলেন ২০১৫ সালটা এভাবে দুহাত ভরে দেবে? উত্তরটা শুনতে খানিকটা বেগই পেতে হলো।
মুস্তাফিজ যেন হারিয়ে গেছেন নিজ ভুবনে। ছুটি কাটাতে এ মুহূর্তে নিজের গ্রাম তেঁতুলিয়ায়। ভাই-বন্ধু, আত্মীয়স্বজনদের সঙ্গে সময়টা দারুণই কাটছে। অল্প সময়ে যতই তারকাখ্যাতি পান, আপন ভুবনে মুস্তাফিজ আছেন আগের মতোই। ঘোরাঘুরি এক ফাঁকেই মুঠোফোনে বললেন, ‘আল্লাহ ভালো কিছুর করার সুযোগ দিয়েছে, করেছি। তবে স্বপ্নেও ভাবিনি, ২০১৫ সালটা এত ভালো যাবে, এ রকম যাবে। চেষ্টা করব নতুন বছর আরও ভালো করতে। বাকিটা ওপরঅলার ইচ্ছা।’
আন্তর্জাতিক ক্রিকেটে এমন দারুণ শুরুর পর লক্ষ্যটা নিশ্চয় আরও বড় হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে নিজের স্বপ্ন নিয়ে প্রসঙ্গে একবার জানিয়েছিলেন, ‘বাংলাদেশ দলে অন্তত ১০ বছর খেলতে চাই। যেহেতু বোলার, দীর্ঘদিন খেলতে ফিটনেস ঠিক রাখাটাও জরুরি।’ এখন অবশ্য স্বপ্নের কথাটা জানালেন খানিকটা ঘুরিয়ে, ‘যেখানে সুযোগ পাই, সেখানেই ভালো করার স্বপ্ন দেখি।’
পাকিস্তান সুপার লিগে ডাক পাওয়া বাংলাদেশের চার ক্রিকেটারের একজন। এই প্রথম দেশের বাইরের এমন একটা বড় লিগে খেলতে যাবেন। সামনে একের পর এক টি-টোয়েন্টি মিশন। মুস্তাফিজ এখন সেখানেই রাখছেন চোখ। বেশি দূরে তাকানোর অভ্যাস নেই। অতটা তাকাতেও চান না। সাদামাটা এই তরুণের স্বপ্নটাও সাদামাটাই।
খেলার বাইরেও তেমন স্বপ্ন-টপ্ন নেই তাঁর। তবে জানালেন, ‘বাড়ি আসলে সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। এই ভালো লাগাটা আজীবন ধরে রাখতে চাই।’ বদলে যেতে চান না। তারকাখ্যাতি, যশ-বিত্ত যাই আসুক না কেন। এখনো তাঁর গ্রামই তাঁর কাছে পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা।
গেল বছরে বাংলাদেশ যেভাবে সাফল্য উপহার দিয়েছে, প্রত্যাশার বেলুনটা আরও বড় হয়েছে। যে দল দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানকে অনায়াসে হারাতে পারে, তারা কেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখবে না? যদিও বাস্তবতা কঠিন। তবুও স্বপ্ন দেখতে তো সমস্যা নেই। বাংলাদেশ কবে জিতবে একটি বৈশ্বিক টুর্নামেন্ট? ভবিষ্যতের কথা বলা কঠিন। তবে দলে থাকতে থাকতেই মুস্তাফিজের চাওয়া একটি বড় শিরোপা জেতা, ‘এখনই তো এটা বলা কঠিন। সবাই তো জিততেই চায়। আমারও প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলি। কেউ নিশ্চয় হারতে মাঠে নামে না। যদি ওপরঅলা চাই, তবে বিশ্ব চ্যাম্পিয়ন হতেও পারি। আর আমি দলে থাকতে থাকতে যদি এমন একটা টুর্নামেন্ট জিততে পারি, সেটি হবে অন্যরকম পাওয়া।’
মুস্তাফিজের দূরবীণে চোখ রেখে বাংলাদেশ অপেক্ষায় সেই অনন্য মুহূর্তের।