সরিয়ে দেওয়া হচ্ছে কুম্বলেকে!

অনিল কুম্বলের ওপর নাকি বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভারপ্রাপ্ত প্রশাসন। এনডিটিভি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। তবে এই প্রক্রিয়াকে ‘স্বাভাবিক’ হিসেবে বলেছেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি অজয় শিরকে। শিরকে বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেই আবারও আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। কুম্বলেকে আবেদন করতে হবে না। তবে তিনিও প্রার্থী বলে বিবেচিত হবেন।
গত বছর নিয়োগের সময় কুম্বলে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না। পরে বোর্ডের উপদেষ্টা কমিটির অনুরোধে তাঁকে সংক্ষিপ্ত তালিকায় ঢোকানো হয়। রবি শাস্ত্রীর মতো প্রার্থীকে টপকে শেষ পর্যন্ত ভারতীয় কোচের পদে নিয়োগ পান কুম্বলে। তাঁর অধীনে দারুণ সফল ভারতীয় দল। কুম্বলের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে।
নতুন কোচ চেয়ে ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির পরপরই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে মেয়াদ শেষ করবেন কুম্বলে। বিসিসিআই সূত্রে জানা গেছে, যোগ্য প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উপদেষ্টা কমিটির শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ সাক্ষাৎকার নেবেন। কুম্বলেও এঁদের কাছেই সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে তাঁকে বাছাই করা হয়েছিল সরাসরি। কোনো আনুষ্ঠানিক বিজ্ঞাপনের সূত্র ধরে তিনি আবেদন করেননি। আগামী ৩১ মে ভারতীয় কোচের পদে আবেদন করার সর্বশেষ তারিখ।
কুম্বলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা না করে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, এ নিয়ে একটা কৌতূহল দেখা দিয়েছে। কোচের ওপর সন্তুষ্ট হলে তো আর নতুন কোচ খোঁজার প্রয়োজন পড়ে না। এর থেকেই ভারতীয় মিডিয়ার একটি অংশ জানাচ্ছে, কুম্বলের ওপর নাখোশ বিসিসিআই। এনডিটিভি তাদের শিরোনামেই এই অসন্তোষের কথা তুলে এনেছে। কুম্বলেকে সরিয়ে দেওয়া হবে পারে বলেও খবর তাদের।
খেলোয়াড়দের বেতন বৃদ্ধি নিয়ে দেখা দেওয়া টানাপোড়েনে কুম্বলের অবস্থান এই অসন্তুষ্টির কারণ হতে পারে। এর আগে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বছরে ৮ কোটি রুপি বেতন চাইছেন কুম্বলে। যে সাফল্য এনে দিয়েছেন, তাতে কুম্বলে বেশি বেতন দাবি করতেই পারেন। বিসিসিআইও হয়তো কোচ হিসেবে রেখে দিতে চায় তাঁকে। নতুন চুক্তির আগে দর-কষাকষিতে তাঁর ওপর চাপ তৈরি করতেই হয়তো কোচ নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা!