সরে গেলেন শশাঙ্ক মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশাঙ্ক মনোহর
শশাঙ্ক মনোহর

আনুষ্ঠানিক বিবৃতিতে লিখেছেন—‘ব্যক্তিগত কারণ’। কিন্তু আসলে সেটি কতটা সত্যি, সেই সন্দেহ থেকেই যাচ্ছে। বিশেষ করে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়ছিল শশাঙ্ক মনোহরের। সম্পর্ক আরও খারাপ হয়ে যাওয়ার আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মনোহর।
এন শ্রীনিবাসন নির্বাসিত হওয়ার পর ২০১৫ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হন মনোহর। পদাধিকারবলে পেয়ে যান আইসিসির চেয়ারম্যান পদটিও। তবে দায়িত্ব নিয়ে নিজেই উদ্যোগ নেন স্বাধীন ও নিরপেক্ষ আইসিসির চেয়ারম্যান নির্বাচনের। এরপর গত বছর মে মাসে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে। দায়িত্ব পাওয়ার পর থেকেই ‘তিন মোড়ল’ নীতি থেকে আইসিসিকে বের করে আনার চেষ্টা করে যাচ্ছিলেন। লভ্যাংশের বেশির ভাগ নিয়ে যাবে তিন দেশ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এটির বিপক্ষে দাঁড়িয়ে সমবণ্টনের পক্ষে ছিলেন। গত ফেব্রুয়ারিতে আইসিসির সভায় এ নিয়ে প্রস্তাবও দিয়েছিলেন। এপ্রিলের সভায় অনুমোদনের জন্য প্রস্তাবটি ওঠার কথা। এ নিয়ে ভারতীয় বোর্ডের ক্ষোভ ছিল।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসনকে লেখা পদত্যাগপত্রে মনোহর অবশ্য ‘ব্যক্তিগত কারণ’ ছাড়া আর কিছু দেখাননি। লিখেছেন, ‘আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নিরপেক্ষভাবে কাজ করার। বোর্ড সদস্য এবং অন্য নির্বাহী পরিচালকদের সঙ্গে নিয়ে কাজ করাটা আনন্দের ব্যাপার ছিল। তবে ব্যক্তিগত কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’ এএফপি।