সরে দাঁড়াচ্ছেন 'বুড়ো' পাওয়ার

লোধা কমিশনের প্রতিবেদনের ওপর ভারতীয় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের রায়কেই শিরোধার্য করছেন শারদ পাওয়ার। কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের ক্রিকেটের প্রশাসনে ৭০ বছর বয়সী ‘বুড়ো’দের ছেঁটে ফেলতে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সেটা মেনেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটের ৭৫ বছর বয়সী এই জাঁদরেল সংগঠক।
এক সংবাদ সম্মেলনে পাওয়ার জানিয়েছেন, কোনো ক্ষোভ, অভিমান কিংবা অতৃপ্তি নয়, তিনি সরে যাবেন আনন্দের সঙ্গেই। ‘আমার সময় ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে’ দাবি করে সংবাদ সম্মেলনে তাঁর সময়ে ভারতীয় ক্রিকেট ও মুম্বাই ক্রিকেটের উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরে পাওয়ার। আদালতের রায় সম্পর্কে তাঁর মন্তব্য, ‘বিজ্ঞ বিচারকেরা চিন্তাভাবনা করেই এই রায় দিয়েছেন। এটি নিয়ে আমার মনে কোনো ক্ষোভ নেই।’ ২০০৫-২০০৮ পর্যন্ত বিসিসিআইর সভাপতি হিসেবে দায়িত্বপালনকারী শারদ পাওয়ার আইসিসির সভাপতি (২০১১-২০১২) হিসেবেও কাজ করেছেন।
৭০ বছর কিংবা তার বেশি বয়সী ক্রিকেট সংগঠক হিসেবে পাওয়ারই প্রথম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। পাওয়ারের পর এখন সকলের দৃষ্টি শ্রীনিবাসন ও নিরঞ্জন শাহর ওপর। ৭১ বছর বয়সী শ্রীনিবাসন বর্তমানে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান। নিরঞ্জন নেতৃত্ব দিচ্ছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তিনি শ্রীনিবাসনের চেয়ে বয়সে এক বছরের বড়।
লোধা কমিশনের প্রতিবেদনের ওপর দেওয়া রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ডকে বেশ কিছু নির্দেশনা দেয়। এই সব নির্দেশনার মধ্যে ছিল, ৭০ বছর বয়সী ক্রিকেট সংগঠকদের প্রশাসনে না রাখা। বোর্ড কিংবা রাজ্য ক্রিকেট সংস্থার যেকোনো পদে নয় বছরের বেশি কাউকে না রাখা। আগামী ছয় মাসের মধ্যে সুপ্রিম কোর্ট এই রায় বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সূত্র: এনডিটিভি অনলাইন।