সরে দাঁড়ালেন জয়াসুরিয়া
মেয়াদ ছিল এ মাসের শেষ পর্যন্ত। তবে সেই মেয়াদটা শেষ করলেন না শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া। পুরো নির্বাচক প্যানেল নিয়ে পদত্যাগ করলেন তার আগেই। গতকালই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নাবিন দিসানায়েকের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জয়াসুরিয়া ও তাঁর সহনির্বাচকেরা। এএফপি।
পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে জয়াসুরিয়া ছাড়াও ছিলেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান হাশান তিলকারত্নে, সাবেক পেসার প্রমোদ্য বিক্রমাসিংহে, চামিন্ডা মেন্ডিস ও এরিক উপাশান্থা। মূল চুক্তি অনুযায়ী গত ৩১ মার্চই তাঁদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বিশ্বকাপের কথা ভেবে সেটা পরে বাড়ানো হয় আরও এক মাস। এরই মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বেশ রদবদল হয়। এসএলসির জয়ন্থা ধর্মদাসার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেন ক্রীড়ামন্ত্রী। সাবেক ক্রিকেটার সিদাধ ওয়েতিমুনির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নেওয়ার পরেই পদত্যাগ করলেন জয়াসুরিয়ারা। অবশ্য বিশ্বকাপের শেষ আটে প্রোটিয়াদের কাছে একতরফা হারের পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচক কমিটি।