সরে দাঁড়ালেন 'ক্যাপ্টেন কুক'

যেখানে শুরু, সেখানেই শেষ!
টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার গৌরবময় স্বাদটা দিয়েছে ২০১০ সালের বাংলাদেশ সফর। তবে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব অ্যালিস্টার কুক পেয়েছিলেন ভারত সফরেই। নিয়তির উপহাস কিংবা পরিহাস যা-ই বলুন, ভারত সফর দিয়েই শেষ হলো ‘ক্যাপ্টেন কুক’ অধ্যায়। কাল ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন বাঁহাতি এই ওপেনিং ব্যাটসম্যান।
শুরু আর শেষে কী তফাত! ২০১২ সালের ভারত সফরটা দুহাত ভরে দিয়েছিল কুককে। তাঁর নেতৃত্বেই ২৮ বছর পর ভারতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। তিনটি সেঞ্চুরিতে ব্যাটসম্যান কুকও ছিলেন সফল। এবার মুদ্রার অপর পিঠটা দেখেছেন, পাঁচ টেস্টে মাত্র এক সেঞ্চুরি ও এক ফিফটি। ইংল্যান্ডও সিরিজ খুইয়েছে ৪-০ ব্যবধানে। ডিসেম্বরে ওই ভরাডুবির পরই কুকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তখন জানিয়েছিলেন ক্রিসমাসের ছুটিটা উপভোগ করতে চান প্রথমে, এরপরই ভেবেচিন্তে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
ফেব্রুয়ারি আসতেই দেখা গেল, কথা রেখেছেন কুক! কাল এক বিবৃতিতে বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হওয়া এবং পাঁচ বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়া ছিল গর্বের ব্যাপার। সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা অবিশ্বাস্যরকমের কঠিন। তবে জানি, এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্য এটাই উপযুক্ত সময়।’ এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন কদিন আগেই এ দাবি তোলা মাইকেল ভন, ‘জীবনে সময়টাই সবকিছু... কুক আবারও সময়মতো সঠিক সিদ্ধান্ত নিল। অসাধারণ এক মানুষ, আশা করি আরও অনেক বছর খেলে যাবে সে।’
কুকের সঙ্গে এবারও জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। তাঁর অধিনায়কত্বের শুরু বাংলাদেশ সফর দিয়ে। গত অক্টোবরে মিরপুর টেস্টে ছুঁয়েছেন মাইক আথারটনের সবচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্ব করার ইংলিশ রেকর্ড (৫৪)। সেই রেকর্ড এখন শুধুই কুকের (৫৯)। কিন্তু মিরপুর টেস্ট হারার পরই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আর ভারত সফরের পর তো সেটাই হয়ে গেল বাস্তবতা। অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলা চালিয়ে যাবেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক, ‘ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে সম্মানিত। আশা করি শুধু খেলোয়াড় হিসেবে টেস্ট খেলতে পারব। চাইব দলে পূর্ণ অবদান রাখতে, যতটা পারি পরবর্তী অধিনায়ক ও দলকে সহায়তা করব।’
পরবর্তী অধিনায়কের প্রশ্নে হাতে অঢেল সময় ইসিবির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের সিরিজ শুরু হবে জুলাইয়ে। তবে কাল পর্যন্ত যে ইঙ্গিত, দলের সেরা ব্যাটসম্যান জো রুটের ঘাড়েই পড়ার কথা এ ভার। সূত্র: এএফপি।
অধিনায়ক অ্যালিস্টার কুক
টেস্ট ৫৯
জয় ২৪
ড্র ১৩
হার ২২