সরেই যেতে হলো শ্রীনিকে

জল্পনা-কল্পনা ছিল বেশ অনেক দিন ধরেই। চূড়ান্ত সিদ্ধান্তটা হয়ে গেল আজই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৮৬তম বার্ষিক সাধারণ সভায় আইসিসির চেয়ারম্যান হিসেবে এন শ্রীনিবাসনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে গত জুনে দায়িত্ব নেওয়া শ্রীনিবাসনকে সরে যেতে হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান-পদ থেকে।
শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহর। তিনি চেয়ারম্যান হিসেবে শ্রীনিবাসনের মেয়াদের বাকিটা পূরণ করবেন। আগামী বছরের শেষ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান পদে থাকার কথা ছিল শ্রীনিবাসনের।
শশাঙ্ক মনোহর নতুন চেয়ারম্যান হলেও ব্যস্ততাজনিত অপারগতায় তাঁর প্রতিনিধি হিসেবে আইসিসির সভায় যোগ দেবেন শারদ পাওয়ার। পাওয়ার এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
আজকের বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের পর ভারতীয় ক্রিকেটে শ্রীনিবাসনের প্রভাব কার্যত শেষই হয়ে গেল। তামিলনাড়ু রাজ্যের এই বিত্তশালী ক্রিকেট সংগঠক বেশ কিছু দিন ধরেই ভারতীয় ক্রিকেটের বিতর্কের কেন্দ্রে অবস্থান করছিলেন। তবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে আপাতত কোনো বাধা নেই শ্রীনিবাসনের সামনে।
২০১৩ সালে আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিই ভারতীয় ক্রিকেটে শ্রীনিবাসনের অবস্থান দুর্বল করে দেয়। এই কেলেঙ্কারিতে তাঁর জামাতা গুরুনাথ মায়াপ্পন দোষী সাব্যস্ত হওয়ায় বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হয় তাঁকে। ভারতের অন্যতম বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টের মালিক শ্রীনিবাসন আইপিএলে চেন্নাই সুপারকিংসেরও কর্নধার ছিলেন। ক্রিকেট দুর্নীতিতে ফেঁসে আইপিএল থেকেই বহিষ্কৃত হয়ে গেছে তাঁর এই ফ্র্যাঞ্চাইজি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।