সর্বোচ্চ নিরাপত্তা চায় বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসঙ্গটা সবিনয়ে এড়িয়ে গেলেন সালমা খাতুন। বিসিবি থেকে কথা বলা নিষেধ। কাজেই কোনো মন্তব্য করতে পারবেন না।
পাকিস্তান সফর নিয়ে অধিনায়ক কথা বলতে রাজি না হলেও বাংলাদেশ মহিলা দলের প্রস্তুতি থেমে নেই। ২৬ জনের ক্যাম্পটা আজকের পর ছোট হয়ে আসার কথা ২০ জনে। আজ সিটি ক্লাব মাঠে নিজেদের মধ্যে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবেন মেয়েরা। অবশ্য এই প্রস্তুতি শুধু পাকিস্তান সফরের জন্যই নয়। আগামী ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল আসবে বাংলাদেশে। ২৬ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আর মার্চে তো ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপই। তার আগে ওই মাসের শুরুতে আয়ারল্যান্ডের মেয়েদেরও ঢাকায় আসার কথা আছে।
মেয়েদের এই ব্যস্ততা শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান সফর দিয়ে। কিন্তু সে দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সফরটি। মহিলা দলকে পাকিস্তানে পাঠানো যায় কি না, তা যাচাইয়ের জন্য লাহোর ও করাচিতে চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল বিসিবি। পরশু রাতে দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যে বিসিবির কাছে পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেওয়ার কথা তাদের। পর্যবেক্ষক দলের সঙ্গে যাওয়া বিসিবির নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম কাল মুঠোফোনে জানালেন, ‘আমরা কাল-পরশু আমাদের প্রতিবেদন জমা দেব। এরপর বিসিবি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
সূত্র জানিয়েছে, পাকিস্তান থেকে নিরাপত্তার ব্যাপারে মোটামুটি সন্তুষ্ট হয়েই ফিরেছে পর্যবেক্ষক দল। লাহোর ও করাচিতে হোটেল, বিমানবন্দর এবং মাঠ ঘুরে দেখেছেন তাঁরা। বিসিবির পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা চাওয়া হয়েছে মহিলা ক্রিকেট দলের জন্য। পিসিবিও নাকি প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্রপ্রধানদের জন্য যে রকম নিরাপত্তাব্যবস্থা থাকে, সেটাই দেওয়া হবে বাংলাদেশের মেয়েদের।