আগামী মাসে অনুষ্ঠেয় বিপিএলের তৃতীয় আসরের জন্য বিভিন্ন খেলোয়াড় এজেন্টের কাছ থেকে কাল পর্যন্ত প্রায় ১৪০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর সঙ্গে যোগ হতে পারে আরও ১০-১৫ জন। ফ্র্যাঞ্চাইজিগুলো মূলত এই তালিকা থেকেই বিদেশি খেলোয়াড় নেবে।
সবচেয়ে বেশি ৪৮ জন ক্রিকেটার পাকিস্তানের। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ জন ইংল্যান্ডের। এ ছাড়া শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ২০ জন করে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আছেন দুজন করে। বাকিরা অন্যান্য দেশের। তবে আগের দুবারের মতো এবারও বিপিএল পাচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের।
৩১ অক্টোবর অনুষ্ঠেয় ‘প্লেয়ারস বাই চয়েসে’ বাংলাদেশের ক্রিকেটার থাকবেন ৬২ জন। স্থানীয় ‘আইকন’ খেলোয়াড় হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সভায় কাল বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়েছে ৭০ হাজার ডলার ও সর্বনিম্ন ৩০ হাজার, স্থানীয়দের জন্য যা ৩৫ লাখ ও ৫ লাখ টাকা।
আগে ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও এখন সম্ভবত তা হবে ১৯ ও ২১ নভেম্বর। ১৭ ডিসেম্বর বিগ ব্যাশ শুরু হবে। বিপিএলটা তার আগে শেষ করার জন্যই শুরুর তারিখ দুদিন এগিয়ে আনার চিন্তা। আগামীকালের বোর্ড সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিল–প্রধান আফজালুর রহমান সিনহা।