সর্বোচ্চ ৩০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ ঘণ্টার মধ্যেই ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতির জন্য নিজেদের সুপারিশ জানাল এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন বিশেষ কমিটি। কাল কমিটির এক সভা শেষে আইকন শ্রেণির জন্য প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ ৩০ লাখ টাকা। সর্বনিম্ন ‘ই’ শ্রেণির জন্য সাড়ে ৩ লাখ টাকা।
পারিশ্রমিকের অঙ্ক সম্পর্কে কোনো মন্তব্য না করলেও কাল মুঠোফোনে এনায়েত হোসেন বলেছেন, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের সুপারিশ বোর্ড সভাপতিকে জানিয়েছি।’ ২২ ফেব্রুয়ারির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সুপারিশ করা অঙ্কের ওপর ভিত্তি করে প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সূত্র জানায়, কমিটি ‘এ’ প্লাস শ্রেণির খেলোয়াড়দের পারিশ্রমিক প্রস্তাব করেছে ২৫ লাখ টাকা, ‘এ’ ২২ লাখ, ‘বি’ প্লাস ১৮ লাখ, ‘বি’ ১৫ লাখ, ‘সি’ ১০ লাখ ও ‘ডি’ শ্রেণির জন্য ৬ লাখ টাকা।
‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে এর আগে একবারই দলবদল হয়েছে। আগেরবার ছিল ‘এ’ প্লাস ২২ লাখ, ‘এ’ ১৫ লাখ, ‘বি’ প্লাস ১০, ‘বি’ ৮ লাখ, ‘সি’ ৫ লাখ, ‘ডি’ ২ লাখ ৫০ হাজার ও ‘ই’ শ্রেণির ক্রিকেটাররা পেয়েছিলেন মাত্র ১ লাখ টাকা। সেবার আইকন শ্রেণি ছিল না। এবার সুপারিশ করা অঙ্কটা মোটামুটিই বেশিই আছে।