সহকারী কোচ হয়ে কালপাগে ঢাকায়
তাঁকে আনার কথা ছিল ফিল্ডিং কোচ হিসেবে। স্পিন কোচ না পাওয়ার পর ভাবা হলো তাঁকেই দেওয়া হবে এ দায়িত্ব। শেষ পর্যন্ত পেয়ে গেলেন আরও বড় দায়িত্ব!
আরও বড় এবং জোড়া দায়িত্ব। প্রস্তাব পেয়ে রুয়ান কালপাগে নিজেই চমকে গিয়েছিলেন কদিন আগে। কাল ঢাকায় এসেই চমকে দিলেন খবরটি জানিয়ে। বিসিবি কার্যালয়ে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সেরে কালপাগের মুখে হাসি, ‘মাত্রই চুক্তি সই করে এলাম। প্রাথমিকভাবে ফিল্ডিং কোচের দায়িত্ব নেওয়ার কথাই হয়েছিল। কিন্তু কদিন আগে বিসিবি থেকে প্রস্তাব দেওয়া হলো সহকারী কোচ ও স্পিন কোচের দায়িত্ব নেওয়ার।’ ফিল্ডিং কোচ হিসেবেই বাংলাদেশে আসার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, নতুন প্রস্তাবে না করার প্রশ্নই আসে না! প্রশ্ন হলো, জোড়া দায়িত্বে কতটা যোগ্য কালপাগে?
দুই মেয়াদে দীর্ঘদিন ছিলেন শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ। গত কিছুদিন ধরে ভারপ্রাপ্ত সহকারি কোচ। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশে এসেছিলেন একাডেমির হাই পারফরম্যান্স কোচ হিসেবে। স্পিন ক্লিনিক পরিচালনাসহ আরও কিছু অভিজ্ঞতা মিলিয়ে কোচ হিসেবে প্রোফাইল খারাপ না। কিন্তু সেই প্রোফাইলের বড় অংশ ফিল্ডিং কোচ হিসেবে সাফল্য। স্পিনারদের নিয়ে টুকটাক কাজ করার অভিজ্ঞতা কী একটি টেস্ট দলের স্পিন কোচ হওয়ার জন্য যথেস্ট? বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তো কালপাগেকে স্পিন কোচের দায়িত্ব দেওয়ার কথা সরাসরি স্বীকারই করলেন না। ‘চিন্তাভাবনা চলছে’, ‘ধরে নিন এমনই’ এসব বলে এড়িয়ে গেলেন। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য লুকোচুরি না করে জানালেন আস্থার কথা, ‘স্পিন কোচ হিসেবে যাঁর সঙ্গে কথা হয়েছিল (পিয়াল বিজেতুঙ্গে), সে না আসার পরই আসলে কালপাগের ব্যাপারে ভাবি আমরা। স্পিন কোচ হিসেবেও অভিজ্ঞতা আছে ওর। বাংলাদেশে থাকার সময়ও টুকটাক কাজ করেছে। এ অঞ্চলের হওয়ায় ছেলেদের বুঝবেও ভালো। কিছুদিন দেখি, না পারলে তখন বিকল্প ভাবব আমরা।’
এ যুক্তিতে আস্থা রাখা মুশকিল হলেও সময়ের খাতিরে মেনে নেওয়া যেতে পারে। কিন্তু সহকারী কোচের ভাবনাই তো সাম্প্রতিক সময়ে ছিল না! হুট করেই এটার প্রয়োজন কেন হলো? তা ছাড়া কিছুদিন আগে বোর্ড সভায় আলোচনাও হয়েছিল সহকারী কোচ নেওয়া হবে দেশি একজনকে। হঠাৎ সেই ভাবনার পরিবর্তনের ব্যাখ্যা প্রধান নির্বাহীর কথায় মিলল না। আকরাম খানের কথায় অবশ্য হাথুরুসিংহের ভূমিকার ইঙ্গিত মিলল, ‘সব হেড কোচেরই পছন্দের সেটআপ আছে। কোচের মতামত তো আমরা নিয়েছিই। তবে দেশি কাউকে তো পেতেও হবে! আমরা ঠিক করেছি “এ” দলের দায়িত্ব দিয়ে দেশি কোচদের গড়ে তোলা হবে। জাতীয় কোচদের সঙ্গেও তাদের কাজ করানো হবে সুযোগমতো।’
এ ভাবনায় দেশি কোচদের ভবিষ্যৎ যা-ই হোক, কালপাগের মুখে কাল আকর্ণবিস্তৃত হাসি। কিন্তু তাঁর হাসিতে বাংলাদেশের ক্রিকেট হাসবে তো?