সহজ জয়টা কঠিন করে পেল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

জয়ের জন্য দরকার ২৭৫। ২ উইকেটেই অস্ট্রেলিয়া তুলে ফেলল ২১৮ রান। শেষ ৬৬ বলে দরকার ৫৭ রান। হাতে ৮ উইকেট। অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল, অনায়াস একটা জয়ই অপেক্ষা করছে তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত তাদের জিততে হলো ঘাম ঝরিয়ে। ২ উইকেট আর ৫ বল হাতে রেখে।
কুইন্টন ডি ককের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি, রিলি রুশো আর ফারহান বেহারডিয়েনের ফিফটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮০ তুলেছিল দক্ষিণ আফ্রিকা। আগেই ৩-১-এ সিরিজ পরাজয় নিশ্চিত হওয়া প্রোটিয়াদের সামনে ছিল জয় দিয়ে শেষটা টেনে দেওয়ার।
কিন্তু দারুণভাগে এগোতে থাকে অস্ট্রেলিয়া। ৩৭ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে আসে ঠিক শতরানের জুটি। মাঝখানে বৃষ্টিতে খেলা থেমে যায়। নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৪৮ ওভারে ২৭৫।
অ্যারন ফিঞ্চ ৭৬ রান করে ফিরে গেলেও তৃতীয় উইকেটে স্মিথকে নিয়ে ৮১ রানের আরেকটি দারুণ জুটি গড়েন ওয়াটসন। ৩৭ ওভারের শেষ বলের আগে অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল এমন: ২১৮/২। কিন্তু ৮২ রান করে ওয়াটসন আর ৬৭ করে স্মিথ ফিরে এলে হুট করে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল যেন শুরু হয়ে যায়। শেষের আট ওভারে রান তোলার তাড়ায় ছয় ওভারের মধ্যে ফেরেন ৫ ব্যাটসম্যান। ২১ রানের মধ্যে এই ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াই উল্টো তখন কাঁপছে।
শেষ ১২ বলে দরকার ৮ রান, হাতে দুই উইকেট। পেছনে একের পর এক ব্যাটসম্যানের সাজঘরে ফেরার ভীতিকর অভিজ্ঞতা। শেষ পর্যন্ত স্টার্ক আর ফকনার সেই স্নায়ুর পরীক্ষায় উতরে যান। র‌্যা​ঙ্কিংয়ের শীর্ষস্থানও নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।