সহজ জয় পেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ফলোঅনের লজ্জা দিল ভারত। ১০ বছর আগে সেন্ট লুসিয়ায় ওই টেস্টের চেয়ে বড় লজ্জা পেল স্বাগতিকেরা। সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগাতে ইনিংস ও ৯২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
১০ বছর আগে ওই টেস্টটাও ছিল ভারতের বিপক্ষে। তবে ফলোঅনে পড়েও রাহুল দ্রাবিড়ের ভারতের সঙ্গে সেবার ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে বাঁচিয়েছিলেন অধিনায়ক ব্রায়ান লারা। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ দলে যে কোনো লারা নেই!
ওয়েস্ট ইন্ডিজ পরশু তৃতীয় দিনটা শেষ করেছিল দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১ রান তুলে। কাল যখন অষ্টম ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক জেসন হোল্ডার ফিরছেন, ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ১৩২। ইনিংস পরাজয় এড়াতেই তখনো দলটির প্রয়োজন ১৯১ রান!
শেষ চেষ্টা করেছিলেন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান কার্লোস ব্রাফেট ও দেবেন্দ্র বিশু। চা–বিরতির আগে ভারতের ম্যাচ জেতার আশার সামনে বাধা হয়ে দাঁড়ালেন এ দুজন। নবম উইকেট জুটিতে চা-বিরতির আগেই ৬৯ রান যোগ করে ফেলেন এই দুই ব্যাটসম্যান।
বিরতির পর আরও ২৬ রান যোগ করেন এই দুজন। কিন্তু ৪ রানের মধ্যে শেষ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেন রবিচন্দ্রন অশ্বিন।
অথচ দ্বিতীয় ইনিংসে খানিকটা লড়াইয়ের আশা জাগিয়েছিলেন মারলন স্যামুয়েলস ও রাজেন্দ্র চন্দ্রিকা। মাত্র ২ উইকেট হারিয়েই স্কোর কার্ডে ৯০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই হঠাৎ ধ্বংসস্তূপ ক্যারিবীয় ইনিংস। শেষ ৮ উইকেটের ৭টিই নিয়েছেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসেবে দ্বিতীয়বারের মতো একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তিনি।
এদিকে স্যামুয়েলসকে আউট করে ক্যারিয়ারের ১৩তম টেস্টেই ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টের সংখ্যায় যা দ্রুততম, যে রেকর্ডে তাঁর সঙ্গী ভেঙ্কটেশ প্রসাদ। টেন ক্রিকেট।