সহযোগিতা পেলে 'কোহলি' হতে পারতেন এই পাকিস্তানি

>পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ মনে করেন ক্রিকেট বোর্ড ও পাকিস্তান দলের অধিনায়কদের কাছ থেকে ঠিকঠাক সহযোগিতা তিনি পাননি। যেটি বিরাট কোহলি খুব ভালোভাবেই পেয়েছেন
দুজনের আবির্ভাব প্রায় একই সময়ে। প্রতিভাও ছিল প্রায় কাছাকাছি। কিন্তু একজন শৃঙ্খলাকে ক্রিকেট ক্যারিয়ারের ব্রত বানিয়েছিলেন, অধ্যবসায়কে করেছিলেন মূলমন্ত্র। আরেকজন অমিত প্রতিভাবান হওয়া সত্ত্বেও মাঠের বাইরের ঘটনাতেই আলোচিত হয়েছেন বেশি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর পাকিস্তানের আহমেদ শেহজাদের কথাই বলা হচ্ছে।
একটা সময় পাররফম্যান্সে কোহলির চেয়েও এগিয়ে ছিলেন শেহজাদ। প্রথম ১৩ টেস্ট বিবেচনায় নিলে পাকিস্তানি ব্যাটসম্যানের সংগ্রহ যেখানে ছিল ৯৮২ রান, সেখানে কোহলির ছিল ৭৮৮ রান। কিন্তু এরপর কোহলি এগিয়ে গেছেন তরতর করে, শেহজাদ কেবল পিছিয়েছেনই। একটা সময়ে নিজের পারফরম্যান্স দিয়েই কোহলি হয়ে উঠলেন টেন্ডুলকার–সৌরভ–দ্রাবিড়–লক্ষ্মণ পরবর্তী সময়ে ভারতের সেরা ব্যাটসম্যান। কোনো কোনো ক্ষেত্রে তো তিনি ছাড়িয়ে গেছেন তাঁর সেরা পূর্বসূরিদেরও। যে টেন্ডুলকারের রেকর্ড ক্রিকেট ইতিহাসে বহু বছর অক্ষত থাকবে বলে বলা হয়েছিল, সে রেকর্ডগুলোকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন কোহলি। সময়ের বিবর্তনে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন ভারতকে। একটা ক্রিকেট–পাগল জাতির সব আশা–আকাঙ্খার কেন্দ্রে তিনি।
শেহজাদ উল্টো দিকে পাকিস্তান দলেই নেই। দেশের হয়ে ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে আর ৫৯টি টি–টোয়েন্টি খেলেই দাড়ি পড়ে গেছে তাঁর ক্যারিয়ারে। দেশের হয়ে সবশেষ খেলেছেন ২০১৯ সালের অক্টোবরে। সেটি শ্রীবিপক্ষে লাহোরে, টি–টোয়েন্টি। ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে। ২০১৪ সালে খেলেছেন শেষ টেস্ট। এমনটা কেন হলো তাঁর ক্যারিয়ার। শেহজাদ দুষছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কদেরই, 'দুজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করলেই হয় না, তাদের ব্যাকগ্রাউন্ডটাও জানতে হয়। কোনো খেলোয়াড় যদি তাঁর পাশে সব সময় ক্রিকেট বোর্ড ও দলের অধিনায়ককে পায়, তাহলে সে সাফল্য পাবেই।'
কোহলির সঙ্গে নিজের তুলনা একটা জায়গাতেই বলে মনে করেন শেহজাদ, 'কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামস, এমনকি আমাদের বাবর আজমও খুব ভাগ্যবান। তাঁরা ক্রিকেট বোর্ডের সহযোগিতা পেয়েছে। কোহলি সব সময় মহেন্দ্র সিং ধোনিকে পাশে পেয়েছে, সে কারণেই সে আত্মবিশ্বাসী হয়ে খেলতে পেরেছে। কোহলি তো নিজেই বলেছে, যখনই তাঁর বাদ পড়ার অবস্থা হতো, ধোনি তাঁকে বাঁচিয়েছে। আমার ক্ষেত্রে এমনটি কখনোই হয়নি। আমি কারওরই সহযোগিতা পাইনি।'
ক্যারিয়ারে বারবার বিতর্কে জড়িয়েছেন শেহজাদ। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে সিন্ধুর বিপক্ষে ম্যাচে বল বিকৃতির জন্য জরিমানা গুণতে হয় এই পাকিস্তানি ব্যাটসম্যানকে।