সাঁই সাঁই করে তলোয়ার চালালেন জাদেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র জাদেজার তলোয়ার বাজি। ছবি: ইনস্টাগ্রাম
রবীন্দ্র জাদেজার তলোয়ার বাজি। ছবি: ইনস্টাগ্রাম

রাজপুত তলোয়ারের সঙ্গে লড়াই হবে করোনার!

না, বাস্তব কোনো চিত্র নয়। টুইটারে রবীন্দ্র জাদেজার তলোয়ার বাজি দেখে এমন মনে হতে পারে। মহামারি হয়ে ছড়িয়ে পড়া করোনার বিপক্ষে মানুষের মনোভাব তো এমনই। যাঁর যা আছে তা নিয়ে বসে থাকতে হচ্ছে ঘরে। এ ধৈর্যটুকু এক অর্থে তলোয়ার বাজির শামিল। একদিনে যেমন শেখা যায় না, তেমনি মাত্র একদিন ঘরে থেকেও করোনা এড়ানো অসম্ভব।

আবার ঘরে বসে থেকেও কিন্তু হাতে-পায়ে মরচে ধরে যায়। বিরক্তি ধরে। মাঠে জাদেজার মতো করিৎকর্মা হলে তো কথাই নেই। নিজের দক্ষতায় মরচে না পড়তে দেওয়ার চেষ্টা করছেন অনেকে ঘরে বসে। জাদেজাও তাঁর ঘরে থাকার এই সময়ে ফিরে গেলেন পূর্বপুরুষদের প্রোথিত করা বিদ্যায়। বুঝিয়ে দিলেন রাজপুত রক্তের ধার।

চার বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্টে রহস্যটা ভেঙেছিলেন জাদেজা। ব্যাটিংয়ে ফিফটি বা সেঞ্চুরি করলে ব্যাটটা মাথার ওপর তুলে তলোয়ারের মতো সাঁই সাঁই করে ঘুরিয়ে উদ্‌যাপন করেন ভারতীয় এ অলরাউন্ডার। এই তলোয়ার বাজির রহস্য কি? জাদেজা জানিয়েছিলেন, এটা রাজপুতদের ট্রেডমার্ক। তলোয়ার চালাতে ভালোই পারি। মাঠে তো আর তলোয়ার নিয়ে আসা যায় না! উদ্‌যাপনটা তাই ব্যাট দিয়েই করি।

গুজরাটে জন্ম নেওয়া জাদেজার শরীরে বইছে রাজপুত রক্ত। রানা প্রতাপ সিংদের শেখানো বিদ্যাটা জাদেজার রন্ধ্রে রন্ধ্রে থাকবে সেটাই স্বাভাবিক। ঘরে বসে থাকার এ সময়ে তাই তলোয়ার বাজি চর্চা করছেন জাদেজা।কাল টুইটারে তিনি এমন এক ভিডিও ছাড়ার পর তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁ হাতি 'জাড্ডু' খাপ খোলা তলোয়ারটা চারপাশে ঘুরিয়ে কল্পিত প্রতিরক্ষা ব্যূহ বানাচ্ছেন।
ক্যাপশনে লিখেছেন তলোয়ার নিয়ে বেশ বিখ্যাত উক্তি, 'তলোয়ার ঔজ্জ্বল্য হারাতে পারে কিন্তু কখনো মনিবের অবাধ্য হয় না।' জাদেজার এই পোস্টে দু-একজন মন্তব্যকারী অবশ্য তাঁর একটি ভুল ধরিয়ে দিয়েছেন। ইংরেজি 'লুজ' শব্দটা ভুল বানানে লিখেছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার।

জাদেজার তলোয়ার বাজি ক্রিকেটারদের কাছেও নতুন কিছু না। কিছুদিন আগে একটি ২০১৯ আইপিএলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনার জাদেজার মতোই ব্যাটটা তলোয়ারের মতো ঘোরাচ্ছিলেন সে ভিডিওতে। ওয়ার্নার জানতে চেয়েছিলেন, জাদেজার তুলনায় তাঁরটা কেমন হয়েছে? কাল জাদেজার ভিডিওতেও মন্তব্য করেছেন ওয়ার্নার, 'হা হা দুর্দান্ত'।

জাদেজার তলোয়ার বাজির ভিডিও লিংক