সাংবাদিকের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলটা করলেন স্বদেশি এক সাংবাদিক। ক্ষমা চাইতে হলো কিনা ব্রেন্ডন টেলরকে! আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচের সূত্র ধরে আইরিশদের কাছে টুইটারে তিনি ক্ষমা চাইলেন এভাবে, ‘ওটা ছিল অগ্রহণযোগ্য প্রতিবেদন। জিম্বাবুয়ে ক্রিকেট দলের পক্ষ থেকে তাই আমরা আয়ারল্যান্ড ক্রিকেট ও জন মুনির কাছে ক্ষমা চাইছি।’
গ্রুপ পর্বে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচের শেষ দিকের ঘটনা। কেভিন ও’ব্রায়েনের বলে ক্যাচ তুলেছিলেন শন উইলিয়ামস। সেটি ধরতে গিয়ে সীমানাদড়ি প্রায় ছুঁই-ছুঁই ফিল্ডার জন মুনির। তাঁর পা দড়ি ছুয়েছে কি না, টিভি রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়নি। তবে থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিলেন ওটা ক্যাচ। তার আগেই অবশ্য মাঠ ছেড়ে যান উইলিয়ামস।
এই ক্যাচ মেনে নিতে পারেননি জিম্বাবুইয়ান সাংবাদিক রবসন শারুকু। মনের ক্ষোভ মিশিয়ে জিম্বাবুয়ের দ্য হেরাল্ড-এ লেখা তাঁর প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘মাতালের কাছেই বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ের বিদায়’। প্রতিবেদনে জন মুনিকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হয়। এ নিয়ে আইরিশ দলে প্রতিবাদের ঝড় উঠলে নড়েচড়ে বসে আয়ারল্যান্ড ক্রিকেট। বিষয়টা যেন আর তিক্ততার দিকে না গড়ায়, সেজন্যই ওই ম্যাচে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা টেলরের ক্ষমাপ্রার্থনা। ইয়াহু নিউজ।