সাংবাদিকেরাই 'খলনায়ক' বানিয়েছে, অভিযোগ আকমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর আকমল
উমর আকমল

এক সময় পাকিস্তানের ক্রিকেটে ছিল আকমল ভাইদের রাজত্ব। কাছে পিঠে তিন আকমল ভাই খেলেছেন। একে একে ছিটকে গেছেন সবাই। উমর ছিলেন শেষ প্রতিনিধি হয়ে। গত বিশ্বকাপের পর ​তিনিও ছিটকে গেছেন। শুধু তা-ই নয়, মাঠের বাইরে নানা বিতর্কের জন্যও সমালোচিত হয়েছেন।
উমর অবশ্য এর জন্য সংবাদমাধ্যমকেই দায়ী করলেন। তাঁর দাবি, সংবাদমাধ্যম তাঁকে প্রাপ্য সহযোগিতা তো করেইনি, উল্টো সব সময় পিছে লেগে ছিল। বেশির ভাগ সময় তাঁকে ভুলভাবে উপস্থাপনও করা হয়েছে।
২৫ বছর বয়সী উমর বলেছেন, ‘মিডিয়ার কাছ থেকে সেই সমর্থনটা পাইনি। বরং যেসব ছোটখাটো বিষয়ে আমি জড়িয়ে পড়েছিলাম, সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হয়েছে। আমার বক্তব্যও ভুলভাবে উপস্থাপিত হয়েছে। সব মিলিয়ে আমাকে একজন বিতর্কিত, উচ্ছৃঙ্খল খেলোয়াড় ও মানুষ হিসেবে দেখানো হয়েছে।’
পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ১১১টি ওয়ানডে ও ৬৩টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান জানালেন, এক সময় হাল ছেড়ে দিয়ে অবসরের কথাও ভেবে ফেলেছিলেন, ‘পাকিস্তানের ওয়ানডে দল থেকে যখন বাদ দেওয়া হলো, খুবই ভেঙে পড়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরই নিয়ে নেব ভাবছিলাম। কিন্তু আমার বয়োজ্যেষ্ঠ ও বন্ধুরা এসে আমাকে বোঝাল। তাই সিদ্ধান্ত বদলে শেষ পর্যন্ত লড়াই করে পাকিস্তান দলে জায়গা করে নেওয়ার প্রতিজ্ঞা করেছি।’
মাঠের বাইরে পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধানো, সাবেকদের সমালোচনার পাল্টা জবাবে বিস্ফোরক মন্তব্য করা, প্রকাশ্যে পিসিবির বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ নানা কারণে ভুল কারণে শিরোনাম হয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল, বড় ভাই কামরানকে একাদশ থেকে বাদ দেওয়ায় টেস্ট খেলতে অস্বীকৃতি জানানো। ২০১০ সালে অস্ট্রেলিয়া সফরের আলোচিত এই ঘটনা অবশ্য অস্বীকার করছেন উমর, ‘কখনোই বলিনি আমি খেলব না। আমার সত্যিই ফিটনেসের সমস্যা ছিল। ডাক্তারও আমাকে পরীক্ষা করে দেখেছেন। কিন্তু এর থেকে কী বানানো হলো, আমি নাকি কামরানকে বাদ দেওয়া হয়েছে বলে এভাবে প্রতিবাদ করছি।’ পিটিআই।