সাংসদপুত্র হওয়ার 'যোগ্যতা'য় ক্রিকেট দলে!
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিল্লি দলে সুযোগ পেয়েছেন এক ক্রিকেটার। এটা কোনো খবর নয়। যেটা খবর—সার্থক রঞ্জন নামের সেই ক্রিকেটারের দিল্লির হয়ে খেলার যোগ্যতা হলো তাঁর বাবা সাংসদ! এটাই বুঝি ক্ষমতার দাপট!
বিহার প্রদেশের দল জনঅধিকার পার্টির সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক। তাঁকে জায়গা দিতে দিল্লি দল থেকে বাদ দেওয়া হয়েছে সেরা প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিতেন দালালকে। ব্যাপারটি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দিল্লির ক্রিকেটাঙ্গনে। শুধু বাবা নন, একই সঙ্গে সার্থকের মা-ও প্রধান বিরোধী দল কংগ্রেসের একজন সাংসদ।
মজার ব্যাপার হচ্ছে, এই সার্থক নাকি ক্রিকেট খেলাই ছেড়ে দিতে চান। কিছুদিন আগে তাঁকে রঞ্জি ট্রফিতে দিল্লির প্রাথমিক দলে ডাকা হলেও তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন। ক্রিকেট ছেড়ে তিনি ‘বডি-বিল্ডিং’য়ে নাম লিখিয়ে ‘মিস্টার ইন্ডিয়া’ হওয়ার লক্ষ্য স্থির করেছেন—এমন কানাঘুষাও চলছে।
অন্যদিকে হিতেন দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গত মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দিল্লি ক্রিকেটে তাঁকে হালের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে ধরা হয়। সেই হিতেনকেই জায়গা ছেড়ে দিতে হয়েছে সাংসদপুত্রের কারণে!
এই ঘটনায় অভিযোগের তির উঠেছে নির্বাচকদের দিকেও। অতুল ওয়াসন, হরি গিদওয়ানি ও রবিন সিং জুনিয়ররা কি তবে ক্ষমতার কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন—উঠেছে এমন প্রশ্নও। কানাঘুষা চলছে, আসন্ন আইপিএলের নিলামে যেন সার্থক জায়গা পান, সে কারণেই দিল্লি দলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। অথচ সেই জায়গায় সুযোগ পেতে পারতেন সিকে নাইডু ট্রফিতে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করা হিতেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সার্থকের জন্য নাকি তাঁর মা বিশেষভাবে তদবির করেছেন। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিসিএ) কাছে লেখা এক চিঠিতে তিনি লিখেছেন, তাঁর ছেলেকে সুযোগ দেওয়া উচিত, কারণ, সে না খেলতে পেরে হতাশায় ভুগছে।
এ ঘটনায় ডিসিএর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।