সাইফ ফিরলেন ‘অলরাউন্ডার’ হয়ে

সাইফ হাসানছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ব্যাটসম্যান অশোক মানারিয়ার সঙ্গে অমিত হাসানের জুটি থেকে দ্রুতই রান আসছিল। তৃতীয় উইকেট জুটিতে ৭৭ রান যোগ করে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল খেলাঘরের এই দুই ব্যাটসম্যান।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান জুটি ভাঙতে অনিয়মিত বোলার সাইফ হাসানের হাতে বল তুলে দেন। সেই সাইফই টানা তিন উইকেট নিয়ে ভেঙে দেন খেলাঘরের আড়াইশ ছাড়ানোর স্বপ্ন।

অমিত শেষ পর্যন্ত লড়াই করে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে খেলাঘরকে ২২১ রানে পৌঁছে দেন। কিন্তু বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাটিং সহায়ক উইকেটে এই রান তাড়া করতে খুব একটা কষ্ট হয়নি শেখ জামালের। ৬ উইকেট ও ১৪ বল বাকি থাকতেই জিতে যায় নুরুল হাসানের দল। এটি ছিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দুই দলেরই প্রথম ম্যাচ।


বোলিংয়ের পর উদ্বোধনে নেমেও সাইফ দেখালেন ঝলক। সৈকত আলীর সঙ্গে ১১১ রানের জুটি গড়েন তিনি। ৫৮ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৩ রান করে সৈকত অবশ্য সাইফের কাজটা সহজ করে দিয়েছেন।

শেখ জামালকে জিতিয়েছেন সাইফ
ছবি : প্রথম আলো

জাতীয় দল থেকে বাদ পড়া সাইফ সে জন্যই শুরুতে সময় নিয়ে ব্যাটিং করতে পেরেছেন। ক্রিজে সময় কাটিয়ে থিতু হয়েছেন।

মন্থর গতিতে ব্যাটিং করে হলেও আদায় করে নিয়েছেন এবারের লিগে তাঁর প্রথম অর্ধশত। তবে ম্যাচটা শেষ করে আসা হয়নি তাঁর। ৯২ বল খেলে ৬টি চারের সাহায্যে ৬২ রান করে দলীয় ১৪১ রানের সময় আউট হন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বাকি পথটা ইমরুল কায়েস, জহুরুল ইসলাম ও নুরুল হাসানদের ব্যাটিংয়ে পাড়ি দিয়েছে শেখ জামাল।


গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সময় টাইফয়েড জ্বরে আক্রান্ত হন সাইফ। তাঁর জায়গায় অভিষেক হয় মাহমুদুল হাসানের। এরপর আর সাইফের জাতীয় দলে ফেরা হয়নি। তবে বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ছিলেন।