সাইফউদ্দিনের ব্যাটের এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনের ভাঙা ব্যাট।
ছবি: সাইফউদ্দিনের ফেসবুক পেজ

কপাল খারাপ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। জিম্বাবুয়ে সফরের জন্য নিজের প্রিয় ব্যাট দুটি মেরামতের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন।

কিন্তু মেরামতের পরিবর্তে সাইফউদ্দিন ফেরত পান ভাঙা ব্যাট! তরুণ এই ক্রিকেটারের অভিযোগ, এস এ পরিবহনের অসতর্কতার কারণে হয়েছে এমনটা। এখন সেই দায় এস এ পরিবহন নিতে রাজি নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা ব্যাটের ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন সাইফউদ্দিন। ব্যাট দুটি সাইফউদ্দিন পেয়েছিলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে। যে কারণে একটু বেশিই মন খারাপ সাইফউদ্দিনের।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাট-এর অবস্থা (ছবিতে)। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’

এ ব্যাপারে এস এ পরিবহনের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর পাননি সাইফউদ্দিন, ‘আমি এস এ পরিবহনে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা পরিষ্কার করে কিছু বলেনি। একবার বলেছিল গাড়ি দুর্ঘটনা হয়েছে। গাড়ি দুর্ঘটনা হলে তো ব্যাটের এমন চেহারা হওয়ার কথা না। আর এসব তো আমার দেখার বিষয় না। জিনিসটা নিরাপদে পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব।’

ফেনী এস এ পরিবহনের ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গাড়ি দূর্ঘটনায় সাইফউদ্দিনসহ আরও অনেকের জিনিসপত্রের ক্ষতি হয়েছে। আমরা সাইফউদ্দিনকে বলেছি ক্ষতিপূরণ উল্লেখ করে চিঠি দিতে। তাহলে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।'

সাইফউদ্দিনের ৮ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা। একই দিন মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরাও যাবেন জিম্বাবুয়ে।

টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবেন সাইফউদ্দিন।
ছবি: প্রথম আলো

জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে আলাদা করে ডাক পাওয়া খেলোয়াড়েরা রওনা দেবেন ১১ জুলাই। ২৩ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই দলে আছেন সৌম্য সরকার, শামীম হোসেন, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।

তার আগে ৪ জুলাই থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করবে জিম্বাবুয়ে সিরিজের সাদা বলের দলে থাকা ক্রিকেটাররা।