সাইমন্ডস, বাংলাদেশ, এবং এক অস্ট্রেলীয় দুঃস্বপ্ন

প্রায় এক যুগ হয়ে গেছে, কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচের স্মৃতি কি পুরোপুরি মনে আছে কারও? মাশরাফি বিন মুর্তজাও বলেছেন দু–একটা উজ্জ্বল মুহূর্ত বাদে এত আগের স্মৃতি অতটা ভালো খেয়াল নেই। কিন্তু অস্ট্রেলিয়া মনে হয় না এখনো ভুলতে পেরেছে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র হারের ওই ঘটনা যে এখনো অস্ট্রেলিয়া ক্রিকেটের দুঃস্বপ্ন হয়ে আছে। হয়তো থাকবে আরও বহুদিন।
সে দুঃসময়ের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন অ্যান্ড্রু রামজে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ক্রীড়ালেখক দীর্ঘ ক্যারিয়ারে লিখেছেন দ্য টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ান ও দ্য টাইমসে। অস্ট্রেলিয়া দলের সঙ্গে অসংখ্য সফরে কাটানো সময় ও বিভিন্ন স্মৃতি নিয়ে লিখেছেন নতুন বই ‘দ্য রং লাইন’। সে বইয়ে ১৯৯৯ বিশ্বকাপের সে অবিস্মরণীয় যাত্রা যেমন আছে, তেমনি উঠে এসেছে সেই বিস্মরণযোগ্য ২০০৫ সালের অ্যাশেজ সফর।
বাংলাদেশের কাছে হেরে যাওয়ার সেই স্মৃতির অংশটি আজ প্রকাশিত হয়েছে ক্রিকেট.কম.এইউ-তে। শিরোনাম : সাইমন্ডস, বাংলাদেশ, এবং এক অস্ট্রেলীয় দুঃস্বপ্ন।
রামজে তাঁর বইয়ে লিখেছেন, আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে সেবার ইংল্যান্ডে গিয়েছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ওয়ানডে ও টেস্টে ধবল ধোলাই করার তাজা স্মৃতি নিয়ে এসেছিল তারা। আর সেই কবে ১৯৮৭ সালের পর থেকেই অ্যাশেজে কখনো হারতে হয়নি তাদের। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ব্রেট লিকে নিয়ে সাজানো বোলিং আক্রমণ আর রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন ও ডেমিয়েন মার্টিনদের ব্যাটিং নিয়ে উড়ছিল অস্ট্রেলিয়া।
১৮ জুন বড় নিষ্ঠুরভাবে তাদের ডানা কেটে দিয়েছিল। বাংলাদেশের কাছে সে হার পুরো সিরিজের দিক নির্ধারণ করে দিয়েছিল। দুই দশকে প্রথমবারের মতো ছোট ভস্ম ধারটা নিজেদের কাছে রেখে দিয়েছিল ইংল্যান্ড।
তবে সবকিছুই শুরু হয়েছিল ১৭ জুন, শেন ওয়াটসনের জন্মদিনে। বেশ আয়োজন করে জন্মদিনের পার্টিটা শেষ হতেই বের হয়ে গেলেন অ্যান্ড্রু সাইমন্ডস। তাঁকে আবার দেখা গেল ম্যাচের আগে নাশতার সময়। দলের সেরা অলরাউন্ডার তখন ঠিকভাবে পা ফেলতে পারছেন না, গা থেকে বের হচ্ছিল মদের গন্ধ। ওয়ার্ম আপ করতে নামলে তাঁকে বসিয়ে রেখেই মাঠে নামে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া প্রথমে সাইমন্ডসকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রথমে পেট খারাপের কারণ বলা হলেও পরে ধারাভাষ্য কক্ষে থাকা ড্যারেন লেম্যানের কাছ থেকে জানা যায় আসল ঘটনা। ঘটনা ওখানে শেষ হলেও চলত, সে ঘটনায় উল্টে পাল্টে যায় রিকি পন্টিংদের সব পরিকল্পনা। পিচে আর্দ্রতা থাকার পরও অস্ট্রেলিয়ান পেস আক্রমণের সামনে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠালেন না। বিশেষ করে আগের ম্যাচেই বাংলাদেশে ব্যাটিংয়ের ধসের পর সেটাই ছিল সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। নিজেরাই নেমে গেলেন ব্যাটিংয়ে! ১০ রানের মধ্যে দুই উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। ২৪৯ রান করে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়নরা।
সে ধাক্কা পরের ম্যাচেও কাটাতে পারেনি অস্ট্রেলিয়া। পরের দিন ইংল্যান্ডের কাছেও হেরেছিল তারা। তবে অস্ট্রেলিয়ার আসল দুঃখের গল্প লেখা হয়েছে তারও পরে। যখন অ্যাশেজের অতি ক্ষুদ্র কিন্তু মহামূল্যবান ট্রফিটা হাতছাড়া করতে হয়েছিল তাদের।
দুই দশকের মধ্যে প্রথম অ্যাশেজ হার। তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হতাশামাখা সময়গুলোর একটি। অস্ট্রেলিয়া আজও মনে করে, সবকিছুর শুরুটা হয়েছিল সেই ১৮ জুন! সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।