সাউদাম্পটনে 'ব'-এর দাপট

সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আউট হলে হতাশা তো হতেই হয়। অ্যালিস্টার কুকের হতাশা আসলে দুই দিয়ে গুণ করা দরকার। আগের ২৭টা ইনিংস সেঞ্চুরি-বিহীন থাকার পর এত কাছে গিয়েও না-পারা! কুকের হতাশা আসলে দশ দিয়েই গুণ হয়েছে, ফিরতে যে হয়েছে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে।
আজ সারা দিনে ড্রেসিংরুমে বসে থেকে কুকের হতাশা বেড়েছে নাকি একেবারেই মুছে গেছে বলা মুশকিল। সাউদাম্পটনের উইকেটে যে তাঁর আরও দুই সতীর্থ দেড় শতাশিক রানের দুটো ইনিংস খেলে ফেলেছে—গ্যারি ব্যালেন্স ও ইয়ান বেল। কুক ভাবতে পারেন, ইশ আমিও থাকতে পারতাম এই তালিকায়। কিংবা ভাবতে পারেন, আমি পারিনি তো কী হয়েছে!
ব্যালান্সও কুকের মতো বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে ফিরেছেন ১৫৬ রান করে। এই প্রতিবেদন লেখার সময় বেলও ঠিক ১৫৬ রানেই অপরাজিত। ৫ উইকেটে ৫০২ রান তুলে ফেলেছে সিরিজে পিছিয়ে ইংল্যান্ড।
ইংলিশদের রান উত্সবের পূর্বাভাস প্রথম দিনেই ছিল। ২ উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করা ইংল্যান্ড আজ দ্বিতীয় দিনেও ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছে। লাঞ্চের ঠিক দুই ওভার আগে ভেঙেছে বেল-ব্যালেন্সের ১৪২ রানের জুটি। উইকেটের পেছনে ক্যাচ নিয়ে ব্যালেন্সকে ফিরিয়েছেন ধোনি। যদিও রিপ্লেতে মনে হয়েছে, বল ব্যালেন্সের ব্যাটে নয়, লেগেছিল থাই-প্যাডে।
জো রুট (৩) আর মঈন আলীকে (১২) থিতু হওয়ার আগেই ফিরিয়ে দিয়েছেন ভূবনেশ্বর কুমার। ভারত ম্যাচে ফেলার লাগমটা কিন্তু এরপর আবার হাতছাড়া করেছে। ষষ্ঠ উইকেটে শতরানের জুটি প্রায় গড়েই ফেলেছেন বেল-বাটলার। এই টেস্টটা ‘ব’-দের হলে বেল-ব্যালেন্সের পর বাটলারের ব্যাটেও হয়তো অপেক্ষা করছে সেঞ্চুরি। বাটলার অবশ্য মাত্র ফিফটির দোরগোড়ায়।