
লর্ডস তাঁর প্রিয় মৃগয়াক্ষেত্র, ইংল্যান্ড প্রিয় প্রতিপক্ষ। এই দুইয়ে মিলে আজ শুরু ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্টে টিম সাউদির ওপরই যে সবচেয়ে বেশি আলো, এতে আর আশ্চর্য কি!
দুই বছর আগে এই লর্ডসেই টেস্ট ক্রিকেটে সাউদির সেরা বোলিং। প্রথম ইনিংসে ৫৮ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬ উইকেট অনার্স বোর্ডে নাম লিখিয়েছে তাঁর। যদিও ক্যারিয়ারে ম্যাচে ১০ উইকেট নেওয়ার একমাত্র কীর্তিটি সেভাবে উদ্যাপন করা যায়নি দল হেরে যাওয়ায়। লর্ডসে হারল নিউজিল্যান্ড, লিডসে দ্বিতীয় টেস্টেও।
ব্যক্তিগত ও দলীয় সাফল্য এক সুতায় গাঁথার কাজটি অবশ্য গত বিশ্বকাপেই করেছেন সাউদি। সুইং বোলিংয়ের অনুপম এক প্রদর্শনীতে ৭ উইকেট নিয়ে ধ্বংস করে দিয়েছিলেন ইংল্যান্ডকে। সেই সুখস্মৃতি এখনো টাটকাই, লর্ডসে পা রেখে ফিরে এসেছে পুরোনো সুখানুভূতি। তার ওপর বিলেতে বছরের এই সময়টা সুইং বোলারদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়েই রাখে। সব মিলিয়ে টিম সাউদিই এই সিরিজে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি। সাউদি অবশ্য বেশি অতীতচারী হতে রাজি নন, ‘যে মাঠে আপনি সাফল্য পেয়েছেন, সেখানে ফিরে আসা সব সময়ই দারুণ। তবে বৃহস্পতিবার কিন্তু শূন্য থেকেই শুরু করতে হবে।’
নতুন বলে সাউদির সঙ্গীও কিন্তু কম যান না। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিই সম্ভবত এ মুহূর্তে বিশ্বের সেরা সুইং বোলার জুটি। ইংল্যান্ডের নড়বড়ে টপ অর্ডারের সামনে তাই অগ্নিপরীক্ষাই। যে টপ অর্ডারের ভঙ্গুরতা বারবাডোজে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক অ্যালিস্টার কুক প্রায় দুই বছর অপেক্ষার পর ওয়েস্ট ইন্ডিজে ২৬তম সেঞ্চুরি পেয়েছেন ঠিকই, তবে আবারও বদল হচ্ছে তাঁর ওপেনিং সঙ্গী। জোনাথন ট্রট অবসর নেওয়ায় গত তিন বছরে তাঁর ষষ্ঠ সঙ্গী হিসেবে আসছেন ইয়র্কশায়ারের অ্যাডাম লিথ। যাঁর আজ টেস্ট অভিষেক হচ্ছে।
২০১৩ সালের ইংল্যান্ড সফরের পর কোনো সিরিজ হারেনি নিউজিল্যান্ড। ছয়টি সিরিজ খেলে জিতেছে চারটিতেই। সঙ্গে ইংল্যান্ডের অগোছালো দশা মিলিয়ে এই সিরিজে নিউজিল্যান্ডকেই ফেবারিট বলে ঘোষণা করে দিচ্ছেন অনেকে। এঁদেরই একজন কিউই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি। সাউদি স্বাভাবিকভাবেই একটু সাবধানী, ‘ওরা মাত্রই একটা টেস্ট সিরিজ (ওয়েস্ট ইন্ডিজে ১-১ ড্র) খেলে এসেছে, যেখানে ওদের কয়েকজন ভালো পারফর্ম করেছে। বিশ্বকাপে যা হওয়ার হয়েছে, আমি নিশ্চিত তা থেকে ওরা শিখেছে।’
ইংল্যান্ডের যে অগোছালো দশার কথা বলা হলো, সেটি বহুল আলোচিত। বারবাডোজ টেস্টে হারার পর কোচ পিটার মুরসের চাকরি গেছে, খোলনলচে বদলে গেছে ম্যানেজমেন্টের, কেভিন পিটারসেনকে নিয়ে বিতর্ক তো ছিলই। তবে এসবকে কাজে লাগানোর চাবিকাঠি নিউজিল্যান্ডের টপ অর্ডারের হাতে। যেটির অংশ এবার মার্টিন গাপটিলও। সর্বশেষ টেস্ট ২০১৩ সালে ইংল্যান্ড সফরেই। লিডসে দুই ইনিংসে ১ ও ৩ রান করার পর সেই যে বাদ পড়েছিলেন, আবার ফিরছেন আজ। গত কিছুদিনে পুনর্জন্মই হয়েছে তাঁর। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন, খেলেছেন টুর্নামেন্ট রেকর্ড অপরাজিত ২৩৭ রানের ইনিংস। গত মাসে ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের পক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। গত সপ্তাহে উস্টারশায়ারের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে ১৫০।
সাউদি ও বোল্টের সুইং বোলিং যেমন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলবে, তেমনি গাপটিলদের জীবনও সহজ হবে না। বিশ্বের সেরা সুইং বোলার যে ইংল্যান্ড দলেই! টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সফলতম বোলার জেমস অ্যান্ডারসন অ্যাশেজের মহারণের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার এই সুযোগ কি ছাড়বেন নাকি! তথ্যসূত্র: এএফপি।
মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড
| টেস্ট | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ড্র | |
| মোট | ৯৯ | ৪৭ | ৮ | ৪৪ |
| ইংল্যান্ডে | ৫২ | ২৯ | ৪ | ১৯ |
| লর্ডসে | ১৬ | ৭ | ১ | ৮ |