সাকলায়েনকে পেরিয়ে গেলেন স্টার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শ্রীলঙ্কার ম্যাচেই স্টার্ক ছুঁয়ে ফেলেছেন সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক। ছবি: এএফপি।
আজ শ্রীলঙ্কার ম্যাচেই স্টার্ক ছুঁয়ে ফেলেছেন সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক। ছবি: এএফপি।

কয়েক দিন আগেই শেষ হওয়া টেস্ট সিরিজে ফর্মের তুঙ্গে ছিলেন। সাদা পোশাক ছেড়ে হলুদ পোশাক গায়ে চড়িয়েছেন, কিন্তু মিচেল স্টার্কের তোপ কমেনি। আজ শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে প্রথম ওয়ানডেতেও দারুণ একটা কীর্তিও করে ফেলেছেন। ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে (৫২ টি) ছুঁয়ে ফেলেছেন ১০০ উইকেটের মাইলফলক। ভেঙে দিয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাকলায়েন মুশতাকের ৫৩ ম্যাচে ১০০ উইকেটের রেকর্ড। কিউই পেসার শেন বন্ড ১০০ উইকেট নিয়েছিলেন ৫৪ ম্যাচে, আর স্টার্কেরই স্বদেশি ব্রেট লির লেগেছিল ৫৫ ম্যাচ।
ম্যাচের চতুর্থ বলেই স্টার্ক আউট করে দেন শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরাকে। তবে শততম উইকেট পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হয়েছে অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসারকে। ম্যাচের ৩৩ তম ওভারে গিয়ে ধনঞ্জয় ডি সিলভাকে আউট করেই পৌঁছে যান তিন অঙ্কে! পরে ফিরিয়ে দিয়েছেন মিলিন্দ সিরিবর্ধনাকেও। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২২৭ রান।