সাকলায়েনের রেকর্ডটি এখন স্টার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতের পাঁচ আঙুল দিয়ে ম্যাচে পাঁচ উইকেট নোয়ার কথা জানাচ্ছেন, ক্যারিয়ারে নতুন কীর্তি অবশ্য আগেই হয়ে গেছে স্টার্কের। ছবি: রয়টার্স
হাতের পাঁচ আঙুল দিয়ে ম্যাচে পাঁচ উইকেট নোয়ার কথা জানাচ্ছেন, ক্যারিয়ারে নতুন কীর্তি অবশ্য আগেই হয়ে গেছে স্টার্কের। ছবি: রয়টার্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল পাঁচ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন স্টার্ক। উপরি পাওনা হিসেবে একটি রেকর্ডও করে ফেলেছেন। ওয়ানডেতে ম্যাচের হিসেবে দ্রুততম দেড় শ উইকেট নেওয়া বোলার এখন মিচেল স্টার্ক

ওয়েস্ট ইন্ডিজ একটুর জন্য অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচটা নিজেদের করে নিতে পারল না। ম্যাচটা হাতের নাগালেই ছিল তাদের। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৮ রান দরকার ছিল উইন্ডিজের। তখনই ৪৬তম ওভারে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাঁর টেক্কা ফেলেছেন।

ফিঞ্চের দারুণ অধিনায়কত্বে বোলিংয়ে এসেছেন মিচেল স্টার্ক। ওই ওভারেই দুই উইকেট নিয়ে উইন্ডিজকে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে দেন এই বাঁহাতি ফাস্ট বোলার। পরের ওভারে কটরেলকে ফিরিয়ে দারুণ ভাবে অধিনায়কের আস্থার প্রতিদান দেন। শেষ স্পেলে ৩ উইকেট নিয়ে উইন্ডিজদের জয়ের সম্ভাবনা শেষ করে দেওয়া স্টার্ক এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট পেয়েছেন। সেটাও মাত্র ৪৬ রান খরচায়।

এ ম্যাচে একটি দারুণ রেকর্ডেরও দেখা পেয়েছেন স্টার্ক। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে জেসন হোল্ডারকে ফিরিয়েছেন। এটি ছিল ওয়ানডে ক্যারিয়ারে তাঁর ১৫০তম উইকেট। সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডেতে দেড় শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন দীর্ঘদেহী এই পেসার। নিজের ৭৭তম ম্যাচে এসে এই মাইলফলকের দেখা পেয়েছেন, তাঁর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকের।

সাকলায়েন স্টার্কের চেয়ে এক ম্যাচ বেশি খেলে রেকর্ডটি করেছিলেন। কিউই পেসার ট্রেন্ট বোল্ট রয়েছেন ওয়ানডেতে দ্রুততম দেড় শ উইকেট নেওয়া বোলারদের তালিকার তৃতীয় স্থানে। নিজের ৮১তম ম্যাচে এই মাইলফলক অর্জন করেছেন বোল্ট। বাংলাদেশের বিপক্ষেই এ বিশ্বকাপেই এ কীর্তি করেছেন বোল্ট। এরপরই আছেন ব্রেট লি। পঞ্চম স্থানে ওয়ানডেতে সবচেয়ে দ্রুত উইকেটের ফিফটি করা অজন্তা মেন্ডিস।

ম্যাচের হিসেবে স্টার্ক দ্রুততম হলেও সময়ের হিসেবে কিন্তু সাকলায়েনের চেয়ে অনেক পিছিয়ে। ২২ বছর বয়সী তরুণ সাকলায়েন মুশতাক মাত্র দুই বছর ১০৯ দিনে ওয়ানডেতে দেড় শ উইকেট পেয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সে হিসেবে ২৯ বছর বয়সী স্টার্কের দেড় শ উইকেট পেতে প্রায় ৯ বছর লেগেছে। সবচেয়ে কম বয়সে দেড় শ উইকেট পাওয়ার রেকর্ডটিও সাকলায়েনের।

ম্যাচের হিসেবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটিও ছিল সাকলায়েনের। সেটিও তাঁর কাছ থেকে দখলে নিয়েছিলেন স্টার্ক। যে রেকর্ড স্টার্ক আবার সম্প্রতি আফগান স্পিনার রশিদ খানের কাছে হারিয়েছেন। মাত্র ৪৪ ম্যাচে আফগান স্পিন জাদুকর ১০০ উইকেটের মাইলফলক পার হন। একদিনের ক্রিকেটে এরই মধ্যে ৬১ ম্যাচে ১২৮ উইকেট তুলে নেওয়া রশিদের কাছে স্টার্কের এই রেকর্ডও বেশি দিন টিকবে বলে মনে হয় না! মাত্রই ২০ বছর বলে সবচেয়ে কম বয়সে দেড় শ উইকেট পাওয়ার রেকর্ডটিও সাকলায়েনের খুব বেশি দিন থাকবে বলে মনে হয় না।

ওয়ানডেতে দ্রুত দেড় শ উইকেট নেওয়া পাঁচ বোলার:

ম্যাচ

বোলার

সময়

৭৭

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

৮ বছর ২২৯ দিন

৭৮

সাকলায়েন মুশতাক (পাকিস্তান)

২ বছর ১০৯ দিন

৮১

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)

৬ বছর ৩২৯ দিন

৮২

ব্রেট লি (অস্ট্রেলিয়া)

৪ বছর ৪২ দিন

৮৪

অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)

৭ বছর ২০৫ দিন