সাকিব আছেন সাকিবের মতোই

তিনটি নেটই ব্যস্ত। অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। ব্যাটিং অনুশীলনের জন্য তৈরি হয়ে এসেও তাই সাকিব আল হাসান চেয়ার পেতে বসে রইলেন ইনডোরের বাইরের মাঠে। কিছুক্ষণের মধ্যে ভরে গেল পাশের চেয়ারগুলোও। দুই চেয়ারে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। আরেকটিতে নাজমুল আবেদীন।
সাকিবের খেলোয়াড়ি জীবনে এই তৃতীয় ব্যক্তিটির ভূমিকা অনেক বেশি। বিকেএসপিতে তাঁর ছাত্র ছিলেন, সেই থেকে এখন পর্যন্ত যেকোনো সমস্যায় সবার আগে নাজমুল আবেদীনের দরজাতেই কড়া নাড়েন। বর্তমানে সাকিব বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার যে কাজ করছেন, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার।
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ৪ উইকেট পাওয়ার পরই সাকিব প্রথম অ্যাকশনে পরিবর্তন আনার কথা জানান। পুরোনো কোচের পরামর্শে কিছু কাজ করে তাৎক্ষণিক ফলও পান। তবে অ্যাকশনে পরিবর্তনের আসল কাজটা হবে আজ ভারত সিরিজ শেষ হয়ে যাওয়ার পর। নাজমুল আবেদীনের সঙ্গে দু-এক সেশন কাজ করবেন। এরপর নিজে নিজেই অনুশীলন করবেন নতুন অ্যাকশন। নাজমুল আবেদীনের আশা, ‘বোলিং করার সময় ওর শারীরিক ভারসাম্যে একটু সমস্যা হচ্ছে। অ্যাকশনে সামান্য পরিবর্তন আনলে আশা করি সেটা ঠিক হয়ে যাবে। সঙ্গে বলের ওপর নিয়ন্ত্রণ বাড়বে, বল আরও বেশি ঘুরবে।’
কাল ব্যাটিং অনুশীলনে নামার আগ পর্যন্ত কোচের সঙ্গে বসে অ্যাকশন বদলের এসব পরিকল্পনাই করলেন। যৎসামান্য কথা হলো ব্যাটিং নিয়েও। যদিও সাকিবের ব্যাটিংয়ে এই মুহূর্তে চিন্তার কিছু দেখছেন না নাজমুল আবেদীন। সাকিবের পারফরম্যান্সও তাই বলে। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ফিফটি, পরেরটিতে তো অপরাজিত থেকে ম্যাচই শেষ করে এলেন। টেস্টেও নেই রান খরা। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে অপরাজিত থাকার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ৮৯। ‘বোলিং অ্যাকশন ছাড়া এই মুহূর্তে ওর আর কোনো কিছুতে সমস্যা দেখছি না। ব্যাট হাতে খুবই সাবলীল। চাইলেই পারে বড় ইনিংস খেলতে। এ ছাড়া মাঠে দলের সঙ্গেও ওকে অনেক বেশি সম্পৃক্ত মনে হয় এখন’—সাকিব সম্পর্কে নাজমুল আবেদীনের গতকালের পর্যবেক্ষণ।
ভারতের বিপক্ষে ম্যাচে আগে সবাই মাশরাফি বিন মুর্তজা আর তামিম ইকবালের দিকে তাকিয়ে থাকত। এবার যোগ হলেন মুস্তাফিজুর রহমানও। চলতি সিরিজের সব আলো যেন একাই কেড়ে নিয়েছেন ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার। প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল-সৌম্য সরকারের ব্যাটিং, দ্বিতীয় ওয়ানডেতে নাসিরের দু-দুটি ব্রেক থ্রো কিংবা দুই ম্যাচে সাকিব আল হাসানের অসাধারণ দুটি ফিফটি—মুস্তাফিজ নামের বিস্ময় আড়াল করে দিতে চাইছে সবই।
তবে এই আড়ালটা ঘিরে মাঠের বাইরে যাঁরা আছেন তাঁদেরই ঘিরে রেখেছে বেশি। মাঠের পারফরম্যান্সে সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজ একাই নন। সবাই সবার জায়গা থেকে নিজের কাজটা ঠিকঠাকভাবে করেছেন বলেই দল ভালো খেলছে, এটাই লাল-সবুজ শিবিরে সাধারণ ধারণা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁদের মধ্যেও আলাদা করে বললেন সাকিবের কথা, ‘মুস্তাফিজ বল হাতে অনেক কিছু করেছে। কিন্তু দুই ম্যাচেই সাকিবের ব্যাটিংটা না হলে আমাদের হয়তো ম্যাচ জেতা হতো না। প্রথম ম্যাচে ও ফিফটি না করলে আমাদের ৩০০ করা হতো না। দ্বিতীয় ম্যাচেও ঠিক সময়মতো ও উইকেটে দাঁড়িয়ে গেছে। না হলে আমরা চাপে পড়ে যেতাম।’ মাশরাফির চোখে ভারত-বধে সাকিবের অবদানও অনেক, ‘মাঠের বাইরে থেকে হয়তো কোনো একজন পারফরমারের ওপরই দৃষ্টিটা বেশি থাকে। তবে আমার চোখে সাকিব এই সিরিজের আন সাং হিরো। জায়গামতো ঠিকই নিজের কাজ করে দিয়েছে।’
এটা অবশ্য সাকিবের জন্য নতুন কিছু নয়। বেশি আগে ফিরে যাওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের খেলা ১১টি ওয়ানডে ম্যাচেই খেলেছেন। ১০ ইনিংস ব্যাট করে ৪৮.১৪ গড়ে রান করেছেন ৩৩৭। ফিফটি চারটি, দুটিতেই অপরাজিত। পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাঈদ আজমলের বলে তাঁর শট থেকেই জয় পেয়েছে বাংলাদেশ।
ভারত সিরিজেও সাকিব সাকিবের মতোই আছেন। মুস্তাফিজ হয়তো এখন একটা বিস্ময়, কিন্তু দলকে দেওয়ার অভ্যাসটা সাকিব হারিয়ে ফেলেননি! মাশরাফির ভাষায়, ‘সাকিব সব সময়ই আমাদের দলের জন্য আদর্শ এক ক্রিকেটার। তার মতো খেলোয়াড় ড্রেসিংরুমে থাকাটাও অনেক বড় প্রেরণা।’