সাকিব আবার বিগ ব্যাশে
ইয়োহান বোথার চোট সুযোগ করে দিয়েছিল গত বিগ ব্যাশে খেলার। দক্ষিণ আফ্রিকান অফ স্পিনারের বদলি হিসেবে দুটি ম্যাচ খেলেছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সে। এবার হয়তো পুরো মৌসুমই খেলবেন সাকিব আল হাসান। ব্রিসবেন হিটের সঙ্গে কথা পাকাপাকি হওয়ার পর অনাপত্তিপত্র নিয়েছিলেন সেই জুন মাসে। এরপর আচমকাই নেমে এল নিষেধাজ্ঞার খড়্গ। পালাবদলের পালায় বদলে গেছে পরিস্থিতি। শোনা যাচ্ছে, সাকিবকে পেতে চায় এখন বিগ ব্যাশের গত মৌসুমের রানার্সআপ সিডনি সিক্সার্সও। চূড়ান্ত কিছু জানা যেতে পারে কয়েক দিনের মধ্যেই।
বিগ ব্যাশ খেলতে যাওয়ার কথা শুনে আরেকটি প্রশ্ন মনে উঁকি দেওয়াই স্বাভাবিক—বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা কি উঠে গেছে সাকিবের? না, এখনো উঠে যায়নি। তবে কেবল আনুষ্ঠানিকতাই বাকি। বোর্ডপ্রধান নাজমুল হাসান কাল জানালেন, আগামীকালই আসতে পারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা।
সাকিবের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া নিয়ে কাল নাজমুল হাসান বললেন, ‘বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু এখন বোর্ড সভা করতে একটু দেরি হবে। এর মধ্যে সিদ্ধান্ত না নিলে সাকিব বিগ ব্যাশে দল পাবে না। এ জন্যই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি আমরা। সবার মৌখিক সম্মতি পেয়ে গেছি। লিখিত সম্মতিও অনেকের পেয়ে গেছি, কালকে (আজ) বাকি সবারটা পেয়ে যাব। আজ রাতে (গতকাল) আমি একটু দেশের বাইরে যাচ্ছি। ৪ তারিখ দেশে ফিরে বিমানবন্দরেই আশা করি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
১৮ ডিসেম্বর মেলবোর্ন স্টার্স ও সাকিবের আগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশের চতুর্থ আসর।