সাকিব আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব
সাকিব

গত মাসেই ইতিহাস গড়েছিলেন একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হয়ে। কিন্তু অবস্থানটা বেশি দিন ধরে রাখতে পারেননি সাকিব আল হাসান। নয় দিন পরই ওয়ানডের শীর্ষস্থানটা হারিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে। শ্রেষ্ঠত্বটা বেশি দিন থাকল না ম্যাথুসের অধিকারে। গতকাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তাঁকে পেছনে ফেলে আবারও ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হলেন সাকিব। ফলে বিশ্বকাপের আগে আবার তিন ধরনের ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডারের সম্মান পেলেন বাংলাদেশের অলরাউন্ডার।
এর আগে কখনো সেরা ছিলেন টেস্টে, কখনো ওয়ানডেতে কিংবা টি-টোয়েন্টিতে। কখনো একসঙ্গে দুই সংস্করণে। তবে গত ১২ জানুয়ারি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। কিন্তু ১০ দিনের মাথায় ওয়ানডেতে সাকিবকে ছাড়িয়ে যান ম্যাথুস। তবে সম্প্রতি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ শেষে কাল প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ম্যাথুসকে আবারও পেছনে ফেলেন সাকিব। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিব ম্যাথুসের ব্যর্থতার জন্যই কোনো ম্যাচ না খেলেও শীর্ষে উঠেছিলেন। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ভালো খেলে তাঁকে ছাপিয়ে যান ম্যাথুস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের সিরিজের শেষ দিকের ম্যাচগুলোয় ম্যাথুসের ব্যর্থতা আবার শীর্ষে নিয়ে আসে সাকিবকে। সাকিবের রেটিং পয়েন্ট আছে আগের মতোই, ৪০৩। ৩৯৩ পয়েন্ট নিয়ে ম্যাথুস দ্বিতীয় ও ৩৮৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
ওয়ানডের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে যাচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজজয়ী অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং পয়েন্ট ১২০। অস্ট্রেলিয়ার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত৷ ১১৩ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা৷