সাকিব এবারও কলকাতার

চুক্তি ৩ বছরের, কিন্তু এর মধ্যে ক্লাব চাইলে কোনো খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। কলকাতা নাইট রাইডার্স সে পথে হাঁটল না। গত আইপিএলের নিলামে দ্বিতীয়বারের মতো দলে নেওয়া সাকিব আল হাসানকে ধরেই রাখল দুবারের আইপিএলজয়ী দলটি। টানা ষষ্ঠবারের মতো নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবেন সাকিব।
ফেব্রুয়ারিতে হবে আগামী আইপিএলের নিলাম। গতকাল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গুছিয়ে নেওয়ার শেষ দিনে কাকে রাখা হবে, কাকে ছাড়া হবে সেই তালিকা জমা দিতে হয়েছে। তাতে ছয় ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ১০১ জন খেলোয়াড়কে দলে ধরে রেখেছে, আর ছেড়ে দিয়েছে ৬১ জনকে।
২০১১ সালের নিলামে সাকিবকে কেনে কলকাতা। চুক্তির ৩ বছর পূর্ণ হওয়ার পর ২০১৪ আইপিএলের আগে সাকিবকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। তবে নিলামে দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে তুমুল লড়াইয়ে ২ কোটি ৮০ লাখ রুপিতে টি-টোয়েন্টি ও ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও নিতে পেরেছে। তার পুরস্কারও তারা পেয়েছে। আইপিএলের ওই মৌসুমে ১৩ ম্যাচে সাকিবের ৩২.৪২ গড়ে ২২৭ রান আর ৬.৬৮ গড়ে ১১ উইকেট কলকাতাকে দ্বিতীয় আইপিএল শিরোপা জিততে সাহায্য করেছে।
সব মিলিয়ে পাঁচ মৌসুমে কেকেআরে ৩২ ম্যাচ খেলেছেন সাকিব। তাতে ব্যাট হাতে ২১.২৮ গড়ে ৩৮৩ রান, আর বল হাতে ৩৮ উইকেট। পরিসংখ্যানটা আহামরি হয়তো নয়। তবে এটি দিয়ে সাকিবের গুরুত্ব বুঝতে যাওয়াটা একটু ভুলই হবে। ব্যাটিংয়ে পাঁচ-ছয়ে ভরসার পাশাপাশি বাঁহাতি স্পিনে উইকেট নেওয়া কিংবা রান আটকানো—সাকিব এক পূর্ণাঙ্গ প্যাকেজ। সাকিব দলে থাকলে কলকাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি পায় সেটি ভারসাম্য। পারফরম্যান্সও সেই কথাই বলবে। ২০১১ সালে সাকিব যোগ দেওয়ার আগের তিন মৌসুমে আইপিএলে ৮ দলের মধ্যে দুবার ষষ্ঠ, একবার অষ্টম হয়েছে কলকাতা। আর সাকিব যোগ দেওয়ার পর ৫ মৌসুমে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, আর একবার খেলেছে সেমিফাইনালে।
তবে কাল আইপিএলের ‘ফার্স্ট ট্রেড’-এর বিস্ময় দিল্লি থেকে যুবরাজ সিং ও অ্যাঞ্জেলো ম্যাথুসের বাদ পড়া। গতবারের নিলামে ভারতীয় ও বিদেশি দুই কোটায় সবচেয়ে দামি ছিলেন দিল্লির এই দুই খেলোয়াড়। কিন্তু দুজনের পারফরম্যান্সই দামের সঙ্গে মানানসই না থাকায় এক মৌসুম পরই আবার নিলামে চড়তে হচ্ছে যুবরাজ ও ম্যাথুসকে। এই দুজন ছাড়াও ছেড়ে দেওয়ার তালিকায় আছে ডেল স্টেইন, কেভিন পিটারসেনসহ অনেক বড় নাম।