সাকিব-কলকাতার ভুলে যাওয়ার রাত

ডোয়াইন স্মিথের শর্ট বল শূন্যে লাফিয়ে আপার কাট করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বাড়তি বাউন্স থাকায় ঠিকঠাক টাইমিং হলো না। থার্ড ম্যানে একলব্য দ্বিবেদির ক্যাচে পরিণত হয়ে সাকিব আউট হলেন ৩ রান করে। পরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর সাকিবকে বলই দেননি। সাকিবের মতো কলকাতার রাতটাও গেছে ভুলে যাওয়ার মতো, গুজরাট লায়নসের কাছে হেরে গেছে ৬ উইকেটে।
শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কলকাতা করতে পেরেছে মাত্র ১২৪। গুজরাটের ক্যারিবীয় পেসার স্মিথই মূলত ধসিয়ে দিয়েছেন কলকাতার টপ অর্ডার। সাকিব তো ছিলেনই, স্মিথের শিকার হয়েছেন মনীশ পান্ডে, রবিন উথাপ্পা ও পীযূষ চাওলা। ১ উইকেটে ৩৪ থেকে ৫ উইকেটে ৬১, এই ২৭ রানে যে ৪ উইকেট পড়ল কলকাতার, তার সবগুলোই স্মিথের। উইকেট তো পেয়েছেন, তাঁর বলে রানও নিতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। ৪ ওভারে দিয়েছেন ৮ রান। কলকাতাকে ১০০ পার করে নিতে বড় ভূমিকা রেখেছে সূর্যকুমার যাদব-ইউসুফ পাঠানের ৪১ রানের ষষ্ঠ উইকেট জুটি। ৩৬ রান করে আউট হয়েছেন ইউসুফ।
এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলেছে গুজরাট। মাত্র ১৩.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে পৌঁছে গেছে লক্ষ্যে। ৩৬ বলে ৫৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক সুরেশ রায়না। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডোয়াইন স্মিথই।