বিপিএল বাদ দিলে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ঢাকার বাইরে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলাটা এখন বিচ্ছিন্ন ঘটনাই হয়ে দাঁড়িয়েছে। কালেভদ্রে কেউ কেউ হয়তো জাতীয় লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এক–দুটি ম্যাচ খেলেন, সেটিকে ব্যতিক্রমই বলতে হয়।
সেদিক দিয়ে সিলেটের দর্শকেরা নিজেদের ভাগ্যবান ভাবতে পারেন। ৯ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিসিএলে খেলবেন জাতীয় দলের চার তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ এবং মোস্তাফিজুর রহমান।
এর মধ্যে তিনজন অবশ্য খেলোয়াড় তালিকায় আগে থেকেই আছেন। খেলোয়াড় ড্রাফট থেকে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নেয় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলে আছেন জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। আর সাকিব আল হাসানকে ড্রাফটের পর দলভুক্ত করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। এ টুর্নামেন্টে খেলার জন্য ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা সাকিবের।
চার দিনের ম্যাচের আসরে অবশ্য তাঁরা কেউই খেলেননি। ৫০ ওভারের টুর্নামেন্টে তারকাদের পেয়ে তাই খুশি নির্বাচক হাবিবুল বাশার, ‘আশা করি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে টুর্নামেন্টটি।’
একটা সময় ছিল যখন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগে জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও খেলতেন। ঢাকার বাইরের দর্শকেরা সুযোগ পেতেন কাছ থেকে তাঁদের খেলা দেখার। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় জাতীয় দলের ক্রিকেটারদের এখন আর খুব বেশি সুযোগ হয় না ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার। অনেকের আবার অনীহাও আছে।
সাকিবের কথাই ধরুন। ২০১২ সালের পর এ পর্যন্ত ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র একটি ম্যাচই খেলেছেন তিনি, সেটিও ২০১৫ সালের জাতীয় লিগে। অন্যরাও যে খুব বেশি ম্যাচ খেলেন, তা নয়। তবে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা সাম্প্রতিক বছরগুলোতে এক–দুটি ম্যাচ হলেও খেলেছেন।
তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট মানে তাই মূলত বিপিএল আর ঢাকা প্রিমিয়ার লিগই। এবার তার সঙ্গে যোগ হচ্ছে বিসিএলও।