সাকিব-তামিমে অনুপ্রাণিত মোসাদ্দেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঢাকা প্রিমিয়ার লিগে মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত সব ইনিংস। ছবি-প্রথম আলো
এবার ঢাকা প্রিমিয়ার লিগে মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত সব ইনিংস। ছবি-প্রথম আলো

নিয়মিত তাঁকে ব্যাটিং করতে হয়েছে ছয় নম্বর পজিশনে। যখন নেমেছেন, সময়-বল কোনোটাই হাতে যথেষ্ট ছিল না। এই সময় তাঁকে খেলতে হয়েছে ‘ধর তক্তা মার পেরেক’ পদ্ধতিতে! তাতেই সাফল্য পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তারকাবহুল আবাহনীর হয়ে আলো ছড়িয়েছেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে। 

সাকিব আল হাসান, তামিম ইকবালরা তো ছিলেনই, ইউসুফ পাঠান, দিনেশ কার্তিক, মনোজ তিওয়ারি, রজত ভাটিয়ার মতো খেলোয়াড়েরা খেলেছেন আবাহনীর হয়ে। তারকাদের ভিড়, মাঝে দলের ব্যর্থতা, একটু নিচে ব্যাটিং করা—ভীষণ চাপেই খেলতে হয়েছে মোসাদ্দেককে। চাপ জয় করেই নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। ১৬ ম্যাচে ৫ ফিফটিতে ৭৭.৭৫ গড়ে তাঁর রান ৬২২। স্ট্রাইকরেট ১০০-এর ওপর। বোলিংয়েও জাদু দেখিয়েছেন মোসাদ্দেক, নিয়েছেন ১৫ উইকেট। সুপার লিগে রূপগঞ্জের বিপক্ষে পেয়েছেন ৫ উইকেট।
তারকাসমৃদ্ধ দলে খেলা মানে অনেক কিছু শেখার অবারিত সুযোগও। সে সুযোগ এবার ভালোভাবেই কাজে লাগিয়েছেন মোসাদ্দেক, ‘সাকিব-তামিম ভাই আমাদের সঙ্গে অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেকভাবে অনুপ্রাণিত করেছেন। কোন পরিস্থিতি কী করতে হবে, সেটি নিয়েও নানা পরামর্শ দিয়েছেন তাঁরা। দলের প্রতি আমার দায়িত্ব কী, ভালোভাবে বুঝিয়েছেন।’
তীব্র চাপে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার দক্ষতায় প্রশংসিত হয়েছে মোসাদ্দেকের ব্যাটিং। ব্যাটিংয়ের মতো পরিণতের ছাপ তাঁর কথাতেও, ‘সব সময় পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি, রান করতে হবে নাকি একটু সময় নিতে হবে। বেশির ভাগ সময় ব্যাটিংয়ে নেমেছি ১০-১২ ওভার বাকি থাকতে। তখন ডট বল দেওয়ার সুযোগ কম। বলে বলে রান করার তাগিদ থাকে বেশি। যখন বুঝতে পারলাম একটু নিচে ব্যাটিং করতে হবে, নেটে দ্রুত রান তোলার অনুশীলন করেছি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে মোসাদ্দেকের তিনটি ডাবল সেঞ্চুরি, লম্বা ইনিংস খেলার সামর্থ্য অজানা নয়। কিন্তু প্রিমিয়ার লিগে ৫টি ফিফটি পেলেও পাননি তিন অঙ্কের দেখা। মোসাদ্দেক মনে করেন, ব্যাটিং অর্ডারের কারণেই সেটা হয়নি, ‘এবার রানে ভরা উইকেট ছিল। আরও একটু ওপরে ব্যাটিং করতে পারলে হয়তো আরও বেশি রান করতে পারতাম। চার দিনের ম্যাচে লম্বা সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ থাকে। এক দিনের ম্যাচে তা নয়। সব সময়ই রান করার তাড়া থাকে। আমি যে পজিশনে ব্যাটিং করেছি, সেঞ্চুরি করা কঠিনই।’
অসাধারণ পারফরম্যান্সের পরও মোসাদ্দেকের অতৃপ্তি সেঞ্চুরি না পাওয়া, আরও বেশি রান করতে না পারা। তাঁর এই রানক্ষুধাই বলে দিচ্ছে, মোসাদ্দেক যেতে চান বহুদূরে।