
শচীন টেন্ডুলকার তো ২০০তম টেস্টটা খেলে তবেই অবসর নিয়েছেন। টেন্ডুলকার ছাড়াও ১৫০-এর বেশি টেস্ট খেলেছেন ছয়জন, ১০০ টেস্টের মাইলফলক ছুঁয়েছেন বা পেরিয়েছেন ৬৬ জন। সেই জায়গায় ৫০ টেস্ট খেলা এমন কী আর অর্জন!
সাকিব কিংবা তামিমের মধ্যেও হয়তো এ কারণেই বাড়তি কোনো রোমাঞ্চ নেই। দুজনেই আজ ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামছেন। অথচ দুজনেরই দাবি, এটা তাঁদের কাছে অন্য টেস্টগুলোর মতোই!
সব মিলিয়ে আসলেই হয়তো বড় অর্জন নয়। তবে বাংলাদেশের মতো দেশের হয়ে এটা একেবারে ছোট কিছুও তো নয়। বছরে কটাই বা টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ! টেস্ট ক্রিকেটের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক, অথচ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টটি বাংলাদেশের মাত্র ১০১তম। সাকিব-তামিমের আগে ৫০ বা এর বেশি টেস্ট খেলেছেন বাংলাদেশের মাত্র তিনজন—মোহাম্মদ আশরাফুল (৬১), মুশফিকুর রহিম (৫৪) ও হাবিবুল বাশার (৫০)।
গত বছর অক্টোবরেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মুশফিক আক্ষেপ করে বলছিলেন, ‘আমার পরে অভিষেক হয়েছিল অ্যালিস্টার কুকের। অথচ তারপরও ওর ১৩৪টি টেস্ট (ওই সময়ের হিসাবে) হয়ে গেছে, আমি খেলেছি মাত্র ৪৮ টেস্ট।’ দুদিন আগে তামিম নিজেও বলছিলেন, ‘একটা সময় মনে হচ্ছিল, আমরা যেভাবে টেস্ট খেলছি, তাতে ৫০টা টেস্ট খেলতে পারব কি না সন্দেহ আছে!’ সেই সন্দেহ দূর করে শেষ পর্যন্ত ৫০তম টেস্ট খেলতে নামছেন বলে তামিমের বাড়তি একটা তৃপ্তি থাকতেই পারে। সাকিবেরও তা না থেকেই পারে না। অনেক দিন ধরেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিমের, সবচেয়ে বেশি উইকেট সাকিবের। ৫০ টেস্ট খেলা তো পারফরম্যান্সে ধারাবাহিকতারও একটা প্রমাণ।
কোনো সন্দেহ নেই, মাইলফলক টেস্টটা দুজনই রাঙিয়ে দিতে চাইবেন। তামিম যেমন বলেছেন, ‘দিন শেষে মনে রাখার মতো কোনো পারফরম্যান্স বা ফল যদি না হয়, তখন এটা শুধুই একটা সংখ্যা হয়ে থাকবে। আমি আমার দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। সাকিবও নিশ্চয়ই তা-ই করবে।’
সেই চেষ্টায় সফল হলে নতুন কিছুই হবে। আগের তিনজন যে মনে রাখার মতো কিছু করতে পারেননি। হাবিবুল তাঁর ৫০তম টেস্টটা খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে ঢাকায়। দুই ইনিংসে করেছিলেন ১১ ও ৩। ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে আশরাফুলের রান ছিল ১৫। গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় মুশফিকের ৪ ও ৯।
তামিম-সাকিবের পঞ্চাশতম টেস্টটাও যাতে শুধুই সংখ্যা হয়ে না থাকে, সেই চেষ্টা করবে পুরো বাংলাদেশ দলও। কাল সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিক যা বলেই দিলেন, ‘বাংলাদেশের ইতিহাসের দুজন সেরা খেলোয়াড়ের পঞ্চাশতম টেস্ট…আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আমরা চেষ্টা করব এই টেস্টটা তাদের দুজনের জন্য খেলতে। তাদের একটা উপহার দিতে। ওরাও যদি নিজেদের মাইলফলক টেস্টে পারফর্ম করে, আশা ভালো ফল দিয়েই আমরা উপলক্ষটা উদ্যাপন করতে পারব।’
ভালো ফলের (পড়ুন জয়) কথা মুশফিক ভাবতে পারেন আরও একটি কারণে। হাবিবুলের পঞ্চাশতম টেস্টটা জিততে না পারলেও আশরাফুল ও মুশফিকের মাইলফলক টেস্ট দুটি কিন্তু জিতেছিল বাংলাদেশ।