৫১-র পর সাকিব-তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা ভালোই হলো সাকিব-তামিমের—ফাইল ছবি
শুরুটা ভালোই হলো সাকিব-তামিমের—ফাইল ছবি

ভিসা সংক্রান্ত জটিলতায় দুবাই যাওয়াটা বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত দুবাই পৌঁছালেন গত পরশু। গত কালই আবার মাঠে নেমে পড়তে হলো সাকিব-তামিমকে। এবং মাঠে নেমে দুজনেই নায়ক। পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় দিনটা তো তাঁদেরই ছিল। করাচি কিংসের হয়ে সাকিবের​ হাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে, পেশোয়ার জালমির হয়ে তামিম সেটা না পেলেও দলের জয়ে রেখেছেন বড় অবদান।

অথচ দুজনের শুরুটা অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। সাকিবের মিডল ও লেগ স্টাম্পে করা প্রথম বলটাই বলকে ফাইন লেগ দিয়ে চার মারলেন ক্যামেরন ডেলপোর্ট। তবে ফিরে আসতে একদমই সময় নেননি সাকিব। নিজের প্রথম ওভারের শেষ বলেই আজহার আলীকে আউট করে পেয়ে গেলেন টুর্নামেন্টে নিজের প্রথম উইকেট। তাঁর করা আর্ম বলটি বুঝতেই পারেননি আজহার। ফল, সরাসরি বোল্ড।

শেষ পর্যন্ত সাকিব ওই একটা উইকেটই পেয়েছেন। কিন্তু ৪ ওভারে ২৬ রান দিয়ে প্রতিপক্ষ লাহোর কালান্দার্সের ব্যাটসম্যানদের হাত খুলে খেলতেই দেননি। কাল অবশ্য বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়েই বেশি আলো ছড়িয়েছেন।

লাহোরের ১২৫ রান তাড়া করতে এসে করাচি ৪ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। এর পর পাল্টা আক্রমণ শুরু সাকিবের। শেষ পর্যন্ত দলের ১১৩ রানের মাথায় যখন আউট হলেন, নামের পাশে লেখা হয়ে গেছে ৩৫ বলে ৫১ রান। এর মধ্যে আবার আছে তিনটি ছক্কাও।

সাকিব অবশ্য নিজের চেয়ে কৃতিত্ব দিলেন দলের বোলারদের, ‘এটা আসলে ১৫০ তোলার মতো উইকেট। কৃতিত্বটা আমাদের বোলারদের। ফিল্ডিংও দুর্দান্ত ছিল। আমরা এখনো নিজেরা খুব বেশি সময় কাটাইনি, তারপরও ভালোই খেলেছি। এ রকম খেললে আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে।’


তামিমের শুরুটাও খুব একটা আশা দেখাচ্ছিল না। প্রথম ম্যাচেই বলেই হয়তো একটু খোলসের ভেতরেই ছিলেন। প্রথম ১৬ বলে মাত্র ৫ রান ছিল, প্রথম ২১ বলে ১০। খোলসটা ভাঙলেন আসহার জাইদির ওভারে এসে, ওই ওভারেই একাই নিলেন ১২ রান। শেষ পর্যন্ত ৫১ বলে করেছেন ৫১ রান। তামিমের কল্যাণেই পেশোয়ার ১৪৫ করতে পেরেছে, দলের দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ১৬! এই ১৪৫ব-ই শেষ পর্যন্ত জয়ে​র জন্য যথেষ্ট হয়েছে। তামিমের পেশোয়ার ম্যাচ জিতেছে ২৪ রানে। তামিম অবশ্য জানিয়েছেন নিজের ইনিংস নিয়ে খুব একটা সন্তুষ্ট নন, ‘আমার ব্যাটিং আরও ভালো হতে পারত। আমাদের রানও আরও ১০-১৫-২০ বেশি হতে পারত।’

সামনের ম্যাচে এই আক্ষেপটাও নিশ্চয় রাখতে চাইবেন না তামিম!