সাকিব-তামিমের 'দেখা' হয়েছে মাত্র পাঁচবার!

দুজনের বন্ধুত্ব বেশ পুরোনো। সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটেও দুজনের পথচলা প্রায় একই সময়ে। ওয়ানডে অভিষেকের পরের বছর ২০০৭ সালের মে মাসে টেস্ট অভিষেক সাকিব আল হাসানের। এর প্রায় আট মাস পর টেস্ট ক্যাপ পান তামিম ইকবাল। দুই বন্ধু এরপর থেকেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা দুই বিজ্ঞাপন। আরও মজার ব্যাপার, আজ দুজনেই খেলতে নেমেছেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট!
তবে আসল ‘মজার’ তথ্য একেবারে অন্যখানে। সাকিব-তামিম একসঙ্গে খেলেছেন ৪৬টি টেস্ট। অর্থাৎ দুজনই একই একাদশে ছিলেন এমন এতগুলো ম্যাচ খেলেছে বাংলাদেশ। অথচ উইকেটে দুজনের জুটি হয়েছে মাত্র পাঁচবার। এর মধ্যে পঞ্চম জুটিটা হলো দুর্দান্ত। আজ দুজনের ১৫৫ রানের জুটি না হলে কোন বিপদে যে পড়ত বাংলাদেশ! ৩ উইকেট যে পড়ে গিয়েছিল ১০ রানে।
২০১০ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েছিলেন তাঁরা। টেস্টে সেটাই প্রথম জুটি সাকিব-তামিমের। সে বছর চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে মাত্র ৪ রান করতে পেরেছিলেন দুই সতীর্থ। তিন বছর পর ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে কিছুটা উন্নতি ঘটে দুজনের জুটির। এ যাত্রায় ৪২ রান করেছিলেন তাঁরা।
পরিসংখ্যান বলছে, চতুর্থ উইকেটেই সাকিব-তামিমের একসঙ্গে ব্যাটিংটা বেশি জমে। চলতি ঢাকা টেস্টের আগে এ ফরম্যাটে দুজনে একসঙ্গে সর্বশেষ ব্যাটিং করেছিলেন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে। সেবার ১৩২ রানের জুটি উপহার দিয়েছিলেন তাঁরা। এবার ঢাকা টেস্টে সেই চতুর্থ উইকেটেই ১৫৫ রানের জুটি গড়লেন।
চতুর্থ উইকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও। ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে ১৬৭ রানের জুটি গড়েছিলেন সাকিব ও নাঈম ইসলাম।