সাকিব তিনে নাকি পাঁচে

ব্যাটিং অর্ডারে সাকিবের জায়গা নিয়ে ভাবনা-চিন্তা চলছেফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যানটি হয়তো সাকিব আল হাসানকে বিব্রত করবে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ২৫ ইনিংসে মাত্র একটি অর্ধশতক সাকিবের, ওয়ানডেতে সর্বশেষটি গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর তিন সংস্করণের ক্রিকেটেই বেশ কিছু ইনিংসে ভালো শুরু পেয়েছেন, কিন্তু সেটি কাজে লাগিয়ে শতক তো নয়ই, অর্ধশতকও পাওয়া হয়নি।

সে কারণেই কি না, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নতুন করে আলোচনায় এসেছে সাকিবের ব্যাটিং পজিশনের বিষয়টি। ওয়ানডে ক্রিকেটে তিন নম্বর জায়গাটিই কি সাকিবের জন্য আদর্শ? নাকি তিনি আবার পাঁচে ফিরে যাবেন? আজ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে এই দুটি প্রশ্নের উত্তর খুঁজেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সাকিব পাঁচে খেললে তিনে জায়গা হতে পারে নাজমুল হোসেনের
ছবি: প্রথম আলো

সাকিব যদি তিনে না খেলেন, সে ক্ষেত্রে নাজমুল হোসেন হতে পারেন বাংলাদেশের নতুন ‘নাম্বার থ্রি।’ সাকিবকে পাঁচে জায়গা দিতে গেলে আবাদ বাদ পড়বেন সদ্য ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত ইয়াসির আলী। তবে শেষ পর্যন্ত সাকিবের তিন নম্বরে খেলার সম্ভাবনাই বেশি।

২০১৮ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে নিয়মিত তিন নম্বরে ব্যাটিং করছেন সাকিব। যেখানে ৩২ ইনিংসে ৫০ গড় ও ৮৫ স্ট্রাইক রেটে ১৪০১ রান তাঁর। সাকিবের ২টি শতক, ১২টি অর্ধশতক এসেছেন তিনে ব্যাট করে।

আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডের দল নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নামার সম্ভাবনা বেশি
ছবি: প্রথম আলো

সেই তুলনায় পাঁচ নম্বরে সাকিবের রেকর্ড একটু বিবর্ণই। ১২৫ ইনিংসে ৩৫ গড় ও ৮৩ স্ট্রাইক রেটে ৩৮৫২ রান। শতক ৫টি, অর্ধশতক ৩০টি।

বড় কোনো চমক না থাকলে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামার কথা বাংলাদেশ দলের। তামিম ইকবালের সঙ্গে লিটন দাস ও সাকিবকে নিয়েই বাংলাদেশের টপ অর্ডার সাজার কথা। মুশফিকুর রহিম, ইয়াসির, মাহমুদউল্লাহ, আফিফ হোসেনদের নিয়ে গড়া মিডল অর্ডার বদলানোর সম্ভাবনা ক্ষীণ। বোলিং আক্রমণে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের থাকার সম্ভাবনাই বেশি।