সাকিব না পারলেও তামিম পেরেছেন
প্রথম ম্যাচে করাচি কিংস সহজ জয় পেয়েছিল সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে। কিন্তু এক ম্যাচ পরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুদ্রার উল্টো পিঠটা দেখল দলটি। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে কালকের ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি সাকিব। ম্যাচের ফলেও তারই প্রতিফলন, গ্ল্যাডিয়েটরসের কাছে ৮ উইকেটে হেরেছে করাচি।
ওদিকে আগের ম্যাচে ফিফটি করা তামিম ইকবাল কাল পেয়েছেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটিটিও। তাঁর ৪৭ বলে ৫৫ রানের ইনিংসে ভর করেই পেশোয়ার জালমি ৯ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্সকে।
কালকের ম্যাচেও চারে নেমেছিলেন সাকিব। কিন্তু আগের ম্যাচের পারফরম্যান্স কাল আর টেনে আনতে পারেননি। প্রথম বাউন্ডারির দেখা পেয়েছেন ১২তম বলে, নড়েচড়ে বসতে না-বসতেই আউট সাকিব, পরের বলেই! মোহাম্মদ নবীর বলে অফ স্পিনে যখন বোল্ড হলেন, তাঁর নামের পাশে ১৭। বোলিংয়ে নেমেও নিজেকে ফিরে পাননি এই অলরাউন্ডার। প্রথম ওভারেই দিয়েছেন ১১ রান। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট, সেটিও মিলেছে নিজের শেষ বলে।
তবে ভাগ্য বদলায়নি মুশফিকুর রহিমের, কালও করাচি দলে জায়গা মেলেনি তাঁর। ক্রিকইনফো।