সাকিব নিজেই তৃপ্ত নন

সাকিব আল হাসান সর্বশেষ ম্যাচসেরা কবে হয়েছেন? উত্তরটা খুঁজে পেতে বেগই পেতে হবে! গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি, বল হাতে ৪ উইকেটে ম্যাচসেরা হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর পর প্রায় এক বছর কেটেছে, ক্রিকেটের কোনো সংস্করণেই ম্যাচের নায়ক হতে পারেননি। বাংলাদেশ দলে এখন এত পারফরমার, সাকিবের হাতে ম্যাচ সেরার পুরস্কার দেখাটা যেন ‘দুর্লভ’ হয়ে গেছে! তার মানে এই নয়, সাকিব পারফর্ম করছেন না। করছেন, হয়তো কোনো দিন ব্যাটিংয়ে ভালো করছেন, কখনো বা বোলিংয়ে। বহুদিন পর ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-তিন বিভাগেই এক আদর্শ অলরাউন্ডার হিসেবে সাকিবের দেখা মিলল আজ।
যদিও এটি আন্তর্জাতিক ম্যাচ নয়। তবুও বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এ পুরস্কারটা বিরাট স্বস্তি ও প্রেরণা হতে পারে রংপুর রাইডার্সের অধিনায়কের।এখনো কাটেনি ভ্রমণক্লান্তি। এর মধ্যে যোগ হয়েছে শারীরিক অসুস্থতা। তিন সপ্তাহের ব্যবধানে তিনবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র করে খুব একটা অনুশীলনের সুযোগ না পেয়েও যেভাবে জ্বলে উঠছেন, বিস্ময়করই বটে।
বোলিংয়ে দারুণ করছেন প্রায় প্রতি ম্যাচেই। আজ পেয়েছেন ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট। বিপিএলে এটাই তাঁর সেরা বোলিং। ৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সেরা বোলার সাকিবও।
তবে ব্যাটিংটা নিয়ে অতৃপ্তি থেকেই যাচ্ছে। যদিও ঢাকার বিপক্ষে ১৫ বলে করেছেন অপরাজিত ২৪ বাঁহাতি অলরাউন্ডারের জন্য বেশ স্বস্তি। তবে আজকেই ইনিংসটাও ঠিক সাকিবের মতো ছিল না। সাকিব নিজেও তৃপ্ত নন নিজের ব্যাটিংয়ে।
ব্যাটিং ভালো না হওয়ার পেছনে ক্লান্তিকেই দায়ী করলেন সাকিব, ‘শরীরে কোনো শক্তি নেই। ১৫-১৬টা বল খেলেছি। এর মধ্যে তিন-চারটা ছয় মারা বল ছিল। আসার পর এখনো ভ্রমণক্লান্তি, শারীরিক অসুস্থতা রয়েছে। সব মিলিয়ে শক্তি না থাকলে অনেক কিছুই সম্ভব হয় না। এ কারণে ব্যাটিংটা এখনো ভালো হচ্ছে না। ভালো ব্যাটিং না করেও আজ ২৪ রান করেছি। একটু হলেও এটা আত্মবিশ্বাস দেবে। এত ম্যাচ, অনুশীলনেরও সময় নেই। চেষ্টা করব যতটুকু পারা যায়, ব্যাটিংয়ে অবদান রাখতে। তবে বোলিংটা মাশা আল্লাহ ভালো হচ্ছে।’