সাকিব নিজেও জানেন না শেষ কবে খেলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ কবে খেলেছেন টেস্ট, সেটা তো হয়তো জানাই আছে সাকিব আল হাসানের। ১৪ মাসের বিরতির আলোচনাটা যেভাবে বারবার চলে আসছে সামনে, না জানার কারণ নেই। সাকিব কি মনে করতে পারবেন, সর্বশেষ ফার্স্ট ক্লাস ম্যাচ কবে খেলেছেন? বাঁহাতি অলরাউন্ডার হাসলেন, ‘লংগার ভার্সন কবে খেলছি মনে নেই!’

সাকিব সর্বশেষ চার দিনের ম্যাচ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগে খুলনা-ঢাকা বিভাগের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা ড্র হয়েছিল। সাকিব করেছিলেন ১৩ রান ও নিয়েছিলেন ১ উইকেট।
দীর্ঘদিন না খেলায় স্মৃতিতে ধুলো পড়তে পারে দলের অন্য সিনিয়র সদস্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরও। তামিমও সর্বশেষ চার দিনের ম্যাচ খেলেছেন গত বছর জাতীয় লিগে। মুশফিক-মাহমুদউল্লাহও তা-ই। সময়ের হিসেবে পাক্কা এক বছর সাদা পোশাক আর লাল বলে খেলা হয়নি দলের তারকা খেলোয়াড়দের। এবার টেস্ট দলে ডাক পাওয়া সাব্বির রহমানও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন গত বছর অক্টোবরে।
ব্যাটসম্যানদের মধ্যে ব্যতিক্রম বলতে মমিনুল হক। সীমিত ওভারের ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যান ব্রাত্য বলেই বিসিএল, জাতীয় লিগে নিয়মিত দেখা যায় তাঁকে। কদিন আগে জাতীয় লিগেও খেলেছেন মুমিনুল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত না হওয়ায় ইমরুলকেও মোটামুটি নিয়মিতই দেখা যায় প্রথম শ্রেণির ক্রিকেটে।
মাঝের সময়টাতে খেলোয়াড়েরা ব্যস্ত ছিলেন শুধুই ওয়ানডে আর টি-টোয়েন্টি নিয়ে। এমনিতেই টেস্ট খেলা হয় না দীর্ঘদিন, প্রথম শ্রেণির ক্রিকেটেও নিয়মিত নন দেশের শীর্ষ খেলোয়াড়েরা। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা সমান সমান হবে তো? বাস্তবতা জেনেই সাকিব বলছেন খুব কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁদের সামনে, ‘আমরা যেহেতু অনেক দিন টেস্ট খেলি না, প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি। সর্বশেষ কবে লংগার ভার্সন খেলছি মনে নেই। আমার জন্য কঠিন হবে। চেষ্টা করব মানসিকভাবে তৈরি হতে। আসলে খুব বেশি কিছু করার নেই। মানসিক দিক থেকে কতটা তৈরি থাকা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।’
দীর্ঘদিন পর এই প্রথম বাংলাদেশ টেস্ট খেলতে নামছে, তা নয়। এর আগেও দুই টেস্টের মাঝে লম্বা বিরতি দেখা গেছে। এবার কেন বিষয়টি এত ভাবাচ্ছে? যথার্থ উত্তর দিলেন সাকিব, ‘আগে চার দিনের ম্যাচ খেলা হতো আমাদের। জাতীয় লিগ খেলতাম নিয়মিত। এখন তো সেভাবে খেলা হয় না।’
দীর্ঘদিন পর খেলতে নেমে মানিয়ে নিতে একটু সময় লাগবে, সেটি নিশ্চয়ই জানেন সাকিব। তবে যত দ্রুত মানিয়ে নেওয়া যায়, ততই ভালো।