সাকিব নেই তো রংপুরও নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার উইকেট নিয়ে রংপুরকে ধসিয়ে দিয়েছেন কুলাসেকারাই। ছবি: প্রথম আলো
চার উইকেট নিয়ে রংপুরকে ধসিয়ে দিয়েছেন কুলাসেকারাই। ছবি: প্রথম আলো

লক্ষ্য ৮৩, তাতে আবু জায়েদের করা দশম ওভারেই এল ২৩ রান। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়টা যে হেসেখেলেই হবে তাতে আর আশ্চর্যের কী! ৪৯ বল আর ৯ উইকেট হাতে রেখে সাকিবহীন রংপুরকে হারিয়ে দিল কুমিল্লা।

বোলাররা লক্ষ্যটাকে এত সহজ করে তুলেছিলেন যে এই ম্যাচে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার পক্ষেও কঠিন হতো কুমিল্লার জয় কেড়ে নেওয়া। ওই অনিশ্চয়তাটুকুও একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিলেন মারলন স্যামুয়েলস। নিজের ছন্দ খুঁজে পেলে তিনি যে কতটা ভয়ংকর, তা আরও একবার দেখিয়ে দিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। যখন ব্যাট করতে নামছেন, দলের রান ৫ ওভার ২ বল শেষে ২৯। এসেই এমন ঝড় তুললেন যে, দলের জয়ের জন্য বাকি ৫৫ রান এল এরপরের সাড়ে ছয় ওভারে! ব্যাটটাকে তরবারি বানিয়ে ২৪ বলে ৪২ রান করেছেন, যাতে আছে ৮টি চার ও একটি ছক্কা।
তাঁর এই তরবারির আঘাত সবচেয়ে বেশি গেল জায়েদের ওপর দিয়েই। একটি মাত্র ওভারই বল করতে পেরেছেন এই তরুণ মিডিয়াম পেসার, তাতে দ্বিতীয় থেকে ষষ্ঠ, এই পাঁচ বলে একটি ছক্কা ও চারটি চার মেরেছেন স্যামুয়েলস। জায়েদ চাইলে সিমন্সের ওপরও একটু রাগ করতে পারেন। ওই ওভারের প্রথম বলেই যে স্ট্রাইকে থাকা ইমরুল কায়েসের ক্যাচ ফেলে দিয়েছিলেন সিমন্স, তাতে এক রানও এসেছিল। ওই রানটি না হলে হয়তো স্ট্রাইকই পেতেন না স্যামুয়েলস!
তবে স্যামুয়েলস আসার আগে বেশ ধীরে-সুস্থেই এগোনোর পরিকল্পনা নিয়ে ব্যাট করছিলেন কুমিল্লার দুই ওপেনার ইমরুল ও মাহমুদুল হাসান। ১৮ বলে ১১ রান করে মাহমুদুল আউট হওয়ার পরই শুরু হয় স্যামুয়েলস-ঝড়। অন্য প্রান্তে অনেকটা দর্শকের ভুমিকায় ছিলেন ইমরুল। ২৯ বলে ২৪ করে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন স্যামুয়েলসকে। এক আরাফাত সানি ছাড়া সাকিববিহীন রংপুরের কোনো বোলারই খুব একটা প্রভাব ফেলতে পারেননি।
এর আগে ব্যাটিংয়েও সাকিবের অভাব বোধ করেছে রংপুর। সর্বশেষ দুটি ম্যাচেই ব্যাট-বল হাতে রংপুরকে জিতিয়েছেন সাকিব। হয়েছেন ম্যাচসেরা। আজ তিনি নেই, দলও আর মাথা তুলে দাঁড়াতে পারল না। গত ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের দায়ে আজকের ম্যাচটিতে নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান। দলের আইকন খেলোয়াড়টিকে হারিয়ে রংপুরও দিশেহারা! টসে হেরেও ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলিং তোপের মুখে অলআউট হয়ে গেছে মাত্র ৮২ রানে, এবারের বিপিএলের সর্বনিম্ন স্কোরের লজ্জা নিয়ে!
কুমিল্লার প্রায় সব বোলারই ভালো বোলিং করেছেন, তবে নেতা হয়ে মূল কাজটা করেছেন নুয়ান কুলাসেকারা। নিজের প্রথম ওভারে (ইনিংসের দ্বিতীয়) রংপুরের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে শুরু। শেষ দিকে দুই ওভারের স্পেলে ওভারপ্রতি একটি করে উইকেট। একমাত্র যে ওভারটিতে উইকেটশূন্য ছিলেন, সেটিও আবার মেডেন। ইনিংস শেষে কুলাসেকারার স্পেলটা দাঁড়াল এমন: ৪-১-১২-৪! দলের অন্য বোলাররাও সঙ্গ দিয়ে গেছেন শ্রীলঙ্কান পেসারকে। এক মাহমুদুল হাসান (১ ওভারে ১০ রান দিয়েছেন) ছাড়া বাকি চার বোলারেরই গড় ৫-এর নিচে।
অবশ্য প্রতিপক্ষের রানই যেখানে আশি পেরোনো, সেখানে বোলিং গড় এর চেয়ে বেশি হবেই বা কীভাবে। তিনে নামা মোহাম্মদ মিঠুন আর দশ নম্বর ব্যাটসম্যান সাকলাইন সজীব ছাড়া রংপুরের আর কোনো ব্যাটসম্যানই তো ঠিকমতো দাঁড়াতে পারলেন না ক্রিজে! মিঠুন ইনিংস সর্বোচ্চ ২৮, আর সজীব করেছেন ১১। বাকিদের রানগুলো টেলিফোন ডিজিটের মতো। তিন ও দশের এই দুই ব্যাটসম্যান ছাড়া বাকিদের রানগুলো ৩,৫, ৪,৬, ০,৯, ৯,২, ০!
বিপিএলের সর্বনিম্ন স্কোর, অসহায় আত্মসমর্পণ—সাকিবকে ছাড়া রংপুর যেন অচেনা।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ৮২ (সিমন্স ৩, সৌম্য ৫, মিঠুন ২৮, জহুরুল ৪, মিসবাহ ৬, আল আমিন ০, পেরেরা ৯, সেনানায়েকে ৯, আরাফাত সানি ২, সাকলাইন ১১,জায়েদ ০*; মাশরাফি ০/১৫, কুলাসেকারা ৪/১২, নারাইন ১/১৬, আসহার ১/১৩, হায়দার ২/১৫, মাহমুদুল ০/১০)
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১১.৫ ওভারে ৮৪/১ ( ইমরুল ২৪*,মাহমুদুল ১১, স্যামুয়েলস ৪২*; পেরেরা ০/১৩, সেনানায়েকে ০/১৩, আরাফাত সানি ০/২০, জায়েদ ০/২৩)।
ফল: কুমিল্লা ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।