সাকিব নেই সাকিব আছেন

গ্রেনাডা। আহ! গ্রেনাডা!
আজ যখন গ্রেনেডায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ, সাকিব আল হাসানের স্মৃতির সরণিতে এ মাঠটা ধরা দেবে কীভাবে? নিষেধাজ্ঞার বেড়াজালে ‘বন্দী’ সাকিবের কাছ থেকে এ উত্তর জানার উপায় নেই আপাতত। তবে ফেলে আসা সে চমকজাগানিয়া অর্জনগুলো দেখে নিতে ‘নিষেধাজ্ঞা’ নেই নিশ্চয়!
বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। এরপর ২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বীরের মতো রুখে দাঁড়িয়ে ৯৭ বলে ৯৬ রান। অতঃপর ছক্কা মেরে ম্যাচ শেষ! স্বপ্নের ভেতরও এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখানো যায় কি না, সন্দেহ! অথচ ২০০৯ সালে ক্যারিবিয়ান সফরের সিরিজের শেষ টেস্টে তা-ই করে দেখিয়েছিলেন সাকিব।
গ্রেনাডা টেস্টটা এতটাই সাকিবময়, ওই ম্যাচে আর কিছু ঘটেছিল কি না, ক্রিকেটপ্রেমীদের মনে করা দুরূহ! গ্রেনাডার সেই টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। বিদেশের মাটি তো বটেই, প্রথমবারের মতো কোনো দলকে ধবলধোলাই করার অভিজ্ঞতা ওই প্রথম। ম্যাচসেরা, সিরিজ-সেরা—সব পুরস্কার উঠেছিল একজনের হাতেই, তিনি সাকিব।
মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে হঠাত্ পাওয়া অধিনায়কত্ব যেন আদিগন্ত নীল ক্যারিবিয়ান সমুদ্রের মতো তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন সাকিব। কী বল হাতে, কী ব্যাট হাতে—সব্যসাচীর মতো সিরিজজুড়ে চলল সমানে! টেস্ট সিরিজে ব্যাট হাতে ১৫৯ রান, বল হাতে সর্বোচ্চ ১৩ উইকেট—সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে বীরবিক্রমে উড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে! ওয়ানডে সিরিজেও বজায় থাকল একই ধার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্ষণে ক্ষণে শোনা গেল বঙ্গীয় ব-দ্বীপের ব্যাঘ্র গর্জন!

ঐতিহাসিক সে ম্যাচের পর চাঁদধোয়া এক রাতে গ্রেনাডা বিচ রিসোর্টে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক সাকিবকে জিজ্ঞেস করেছিলেন, ‘অনেক দিন পর যখন এই গ্রেনেডা টেস্টের দিকে ফিরে তাকাবেন, দেশের বাইরে প্রথম সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ—বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক এসব তাত্পর্যময়তার বাইরে ব্যক্তিগত স্মৃতি কি মনে পড়বে?’ জবাবে হেসে সাকিব বলেছিলেন, ‘মনে পড়বে আমি হিরো ছিলাম। অন্য অনেক কিছু বোধ হয় ভুলে যাব। কিন্তু এটা ভোলার চান্স নাই।’
তখন কি সাকিব ভেবেছিলেন, পরবর্তী সময় বাংলাদেশ যখন এই গ্রেনেডায় খেলতে আসবে, তখন তিনি অতীত হয়ে যাবেন? কিংবা ভেবেছিলেন, পাঁচ বছর পর এ গ্রেনাডায় অনুষ্ঠিত বাংলাদেশের ম্যাচটি টিভি পর্দায় দেখতে হবে?
আজ যখন গ্রেনাডায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ, সাকিবের তখন নিশ্চয় ‘মনে পড়বে...’, মনে পড়বে—‘বীর ছিলাম’। সে সুখস্মৃতি মনে করে হয়তো বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের হূদয় চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে—‘গ্রেনাডা। আহ! গ্রেনাডা! ’
শুধু কি সাকিবের নিঃশ্বাস ভারী হবে? অগুনতি দর্শক-সমর্থকেরও কি নয়?