সাকিব প্রশ্নে মুশফিক - ক্রিকেট একজনের খেলা নয়

প্রশ্নটা অবধারিতই ছিল। দলে সাকিব আল হাসান না থাকা মানে তো দুজন খেলোয়াড় না থাকা। বলে কী ব্যাটে, সাকিবই তো দলের মূল ভরসা। সেই সাকিবকে রেখে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। যে সাকিবের নেতৃত্বে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজই জিতে এসেছিল বাংলাদেশ। বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে তাই ছুটে গেল প্রশ্নটা, সাকিবের অভাব বোধ তিনি করবেন কি না।
প্রশ্নটা সহজ। আবার কঠিনও। প্রশ্নকর্তা নিজেও এর আসল উত্তর জানেন। কিন্তু উত্তরদাতাকে হতে হলো কৌশলী। মুশফিকের তাই উত্তর, ‘ও অনেক বড় একজন পারফরমার। গত আট বছর ধরে দলে বড় অবদান রেখে যাচ্ছে। তবে তার মানে কিন্তু এও নয়, ও দলে থাকলে বাকিরা গা ছাড়া দিয়ে খেলে। ক্রিকেট একজনের খেলা নয়।’
সাকিবকে ছাড়াই বাংলাদেশ দল কয়েক মাস আগে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। তবুও সাকিবের শূন্যতা অনুভব করবে যে কোনো অধিনায়কও। যা পাওয়া যাচ্ছে না তা নিয়ে হা-হুতাশ না করে মুশফিক অবশ্য চাইছেন, দলের খেলোয়াড়েরাই সাকিবের শূন্যতা পূরণ করে দিক, ‘আমাদের দলে কমপক্ষে তিন-চারজন পারফরমার প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা উজ্জীবিত। ফর্মে নেই এমন খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করছে। তারা আরও পরিশ্রম করবে। নিজেদের সেরাটাই দিতে হবে তাদের।’
বাংলাদেশের সর্বশেষ ক্রিকেট-অভিজ্ঞতাটা অবশ্য তিক্ত। দ্বিতীয় সারির ভারতীয় দলের বিপক্ষেও জঘন্য খেলে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম মিশনেই এমন ছন্নছাড়া দলকে দেখেছেন নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর দলকে তরতাজা করতে অনেক উদ্যোগই নেওয়া হয়েছে। মানসিকতার পরিবর্তনেও দেওয়া হয়েছে জোর।
মুশফিক মনে করেন, মাঝখানের লম্বা বিরতি দলের জন্য ইতিবাচক কিছুই বয়ে আনবে। তবে অনেক দিন ধরে বড় দৈর্ঘ্যের ম্যাচ না খেলাটা যে চ্যালেঞ্জের হবে, সেটিও মানছেন অধিনায়ক। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমে ওয়ানডে সিরিজ হবে। ফলে টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে দল মানিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি।
১৩ আগস্ট উড়াল দেবে বাংলাদেশ। ১৭ আগস্ট একদিনের প্রস্তুতি ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ২০ আগস্ট, গ্রানাডায়।