সাকিব-বিতর্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ম্যান অব দ্য সিরিজ—সাকিব আল হাসান বছরটা শেষ করেছেন সাফল্য দিয়ে। কিন্তু বছরের শুরু থেকে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত তিনি ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজে টিভি ক্যামেরার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে তিন ম্যাচের জন্য বহিষ্কৃত হলেন। জুনে ভারত সিরিজের পর ছয় মাসের জন্য বহিষ্কৃত হলেন স্ত্রীকে উত্ত্যক্তকারী এক দর্শককে পিটিয়ে। এই শাস্তির পেছনে আরেকটা কারণ অবশ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ‘দুর্ব্যবহার’ও।
বিসিবি পরে বহিষ্কারাদেশ তিন মাসে নামিয়ে আনলেও সাকিবকে দেওয়া এই শাস্তি ছিল প্রশ্নবিদ্ধ। শাস্তি দেওয়ার আগে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, আচরণবিধির কোন ধারায় এই শাস্তি, বলা হয়নি সেটিও। তা ছাড়া এই শাস্তি ঘোষণার সময় সাকিবের আচরণগত সমস্যারও অনেক অভিযোগ তোলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। কিন্তু দেননি কোনোটারই সুনির্দিষ্ট ব্যাখ্যা।
হাথুরুসিংহের সঙ্গে ‘দুর্ব্যবহার’-এর যে অভিযোগ, সেটা নিয়েও আছে ধোঁয়াশা। বলা হয়েছিল, সাকিব বিসিবির অনাপত্তিপত্র না নিয়েই সিপিএলে খেলতে চলে গিয়েছিলেন। যাওয়ার আগে মুঠোফোনে বাদানুবাদে জড়িয়েছেন কোচের সঙ্গে। যদিও সাকিবের দাবি ছিল, তিনি ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের মৌখিক সম্মতি নিয়েই সিপিএল খেলতে দেশ ছাড়েন। পরে অবশ্য বিসিবির নির্দেশে সিপিএল না খেলে লন্ডন থেকেই ফিরে আসেন তিনি।