সাকিব-মুমিনুল বলেই অবিশ্বাস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গীর সঙ্গে একটু ভুল-বোঝাবুঝি, কিছুটা দায় নিজের। রানআউট হয়ে গেলেন সাকিব l প্রথম আলো
সঙ্গীর সঙ্গে একটু ভুল-বোঝাবুঝি, কিছুটা দায় নিজের। রানআউট হয়ে গেলেন সাকিব l প্রথম আলো

ক্রিকেটীয় বোধ-বিবেচনা আর মৌলিক ব্যাপারগুলোকে বুড়ো আঙুল দেখাতে অনেক সময়ই জুড়ি নেই বাংলাদেশের অনেক ক্রিকেটারের। ওসব তাই এখন আলাদা করে বিস্ময়ও জাগায় না খুব একটা। কিন্তু সেই তালিকায় যদি নাম লেখান মুমিনুল হক আর সাকিব আল হাসান, বিস্ময়ের পাশাপাশি শঙ্কা ও হতাশাও তখন ছাড়িয়ে যায় সীমানা। বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন সাকিব, মুমিনুলও সেটা হয়ে ওঠার পথে। বাংলাদেশের সবচেয়ে ‘স্মার্ট’ ক্রিকেটারের নামও সাকিব। আর মুমিনুল ক্রিকেটের মৌলিক বিষয়ের একনিষ্ঠ ও মনোযোগী অনুসারী। কাল সেই দুজনই নেমে এলেন সতীর্থদের কাতারে।
মুমিনুলকে ওভাবে আউট হতে দেখে একই সঙ্গে বিস্মিত ও প্রচণ্ড বিরক্ত মোহাম্মদ সালাউদ্দিন। এই মুমিনুল যে তাঁর কাছে অচেনা! বাংলাদেশের সাবেক সহকারী কোচ বিকেএসপি ও একাডেমিতে ছিলেন মুমিনুলের কোচ। খুব কাছ থেকে দেখেছেন বলেই জানেন, মুমিনুল আর আলসেমি শব্দ দুটি পাশাপাশি যায় না। বিকেএসপির পাঠ শেষ করে যখন একাডেমিতে এলেন মুমিনুল, ঘণ্টার পর ঘণ্টা খেটেছেন খেলায় উন্নতি করতে। নির্ধারিত সূচির বাইরে বিশ্রামের সময়ও লুকিয়ে লুকিয়ে অনুশীলন করতেন। এখনো পরিশ্রমের সঙ্গে কোনো আপস করেন না। জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে বিশ্রাম নেওয়ার ইচ্ছা তাঁর কখনোই হয় না, ঠিকই মাঠে চলে আসেন। ঢিলেমি, আলসেমি, খামখেয়ালিপনার মতো ব্যাপারগুলো তাঁর চরিত্রে নেই। সেই মুমিনুল কাল মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরলেন খামখেয়ালি করে!
এর আগ পর্যন্ত কী দুর্দান্তই না খেলছিলেন! সকালে কন্ডিশন-পরিস্থিতি বুঝে খেলেছেন ধীরে-সুস্থে। সময়ের সঙ্গে দেখিয়েছেন স্ট্রোকের ছটা। তাঁর ‘ট্রেডমার্ক’ দারুণ সব ফ্লিক, ড্রাইভ আর কাট যথারীতি দেখিয়েছেন কালও। কিন্তু মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়ায় শেরেবাংলা স্টেডিয়ামের আবহ কাল যেমন ছিল অচেনা, ক্ষণিকের ওই আলসেমিতে মুমিনুল হয়ে গেলেন বড্ড অচেনা!
সাকিবের দায় অবশ্য সামান্য কম বলতে পারেন। ক্রিজ ছেড়ে বেরিয়েছিলেন তিনি মাহমুদউল্লাহর ডাকে। ফেরার পথে কী মনে করে থমকে গেলেন মুহূর্তের জন্য। হয়তো ভাবছিলেন, কামুনগেজির থ্রো সরাসরিই ভেঙে দেবে স্টাম্প। রানআউট হতেন তখন অনেকটা দূরে থেকেই। বল স্টাম্পে না লেগে বোলারের হাতে ফিরতেই আবার চেষ্টা করেছিলেন সাকিব। কাজ হয়নি, হওয়ার কথাও নয়। প্রযুক্তির এই যুগে যখন রানআউট হওয়া আর না-হওয়া নির্ধারিত সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে, ওই সুযোগটা তাহলে কেন দেবেন সাকিব! মুহূর্তের জন্য থমকে না দাঁড়ালে ক্রিজে ফিরতে পারতেন নিশ্চিতভাবেই। দায়টা জানেন বলেই হয়তো সাকিবও মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরলেন ধীরলয়ে।
দিন শেষে দলের হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই দুজনের দায়টা স্বীকার করলেন মাহমুদউল্লাহ, ‘যদি আমার ব্যক্তিগত অভিমত বলেন, আমি বলব রানআউটগুলো গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এই স্ট্যান্ডার্ডে যে ভুলগুলো করেছি। এর মধ্যে আমারও একটা ভুল কল ছিল (সাকিবের আউটে)। আর কিছুটা তো অবশ্যই “ক্যাজুয়াল অ্যাপ্রোচ” ছিল। যদি আমরা আরও একটু সর্তক থাকতাম তবে এই জিনিসগুলো হতো না।’
খামখেয়ালিপনার মিছিলে পরে শামিল হয়েছেন শাহাদাত হোসেন। লাইনে ব্যাট গেঁথে রেখেই যিনি দাঁড়িয়ে ছিলেন নিশ্চিন্তে। হয়তো তাঁর জানার ঘাটতি, কিংবা বোঝার! লোয়ার অর্ডার ব্যাটসম্যান বলে দায় এড়ানোর জো কিন্তু নেই। ব্যাটের হাত তাঁর মন্দ নয়। ভালো কিছু ইনিংসও খেলেছেন ক্যারিয়ারে। কাল তাঁর ১০-২০টি রান আর একটি ৩০-৪০ রানের জুটি গড়ে দিতে পারত বড় ব্যবধান।
কাছাকাছি মানের দুই দলের প্রতিদ্বন্দ্বিতামুখর লড়াইয়ে বড় ব্যবধান গড়ে দেয় আসলে এই ছোট ছোট ব্যাপারগুলোই। কে জানে, এই তিনজনের ছোট খামখেয়ালির বড় মূল্য চুকানোর অপেক্ষায় কি না দল!