সাকিব-মুশফিকদের গুরু জানালেন, বিসিবি কেন ছাড়লেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৪ বছরের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হলো নাজমুল আবেদীনের, ক্রিকেটারদের কাছে যিনি পরিচিত ‘ফাহিম স্যার’ নামে। ক্রেস্ট, ফুল, কেক দিয়ে নাজমুলের বিদায়টা বেশ ঘটা করেই দিয়েছে বিসিবি। কিন্তু সাকিব-মুশফিকদের এ গুরু কি পূর্ণ তৃপ্তি নিয়ে ছাড়তে পেরেছেন ক্রিকেট বোর্ড?
গত মাসের শুরুতেই নাজমুল জানিয়ে দেন তিনি আর বিসিবিতে থাকছেন না। এক মাসের নোটিশ সময়কাল শেষ হয়েছে আজ। ১৯৮৮ থেকে ২০০৫—বিকেএসপিতে ১৭ বছর কাজ করা নাজমুল আবেদীন বিসিবিতে যোগ দেন ২০০৫ সালে। লম্বা সময় কাজ করেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। গত এক যুগে পাইপলাইন সমৃদ্ধকরণে তাঁর অবদান বিরাট। পাশাপাশি সাকিব-মুশফিকের মতো তারকা ক্রিকেটার থেকে শুরু করে বেশির ভাগ খেলোয়াড় দুঃসময়ে শরণ নেন নাজমুলের। গত দুই বছরে তাঁর কাজের পরিধি ছোট করে ফেলা হয়েছিল। নাজমুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু নারী বিভাগের। সেখানেও তিনি সাফল্য পেয়েছেন। গত বছর মেয়েদের এশিয়া কাপ জয়ে তাঁর অবদান অসামান্য। নাজমুলের ক্রিকেট ভাবনা আর দশজনের চেয়ে আলাদাই ছিল। বিসিবিতে যুক্ত থেকেও দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থার নানা অসংগতি, ভুলত্রুটি আঙুল দিয়ে দেখিয়ে দিতে কখনোই দ্বিধান্বিত হননি।
বিসিবি কেন ছাড়লেন, এ প্রশ্নে এত দিন চুপ থাকলেও আজ বলতে নাজমুলের বাধা নেই, ‘আমার মূল কাজ কোচিং করানো। সেই জায়গা থেকে ধীরে ধীরে দূরে সরে গেছি। কোচিং না করালেও পরামর্শ বা খেলোয়াড়দের নানাভাবে অনুপ্রাণিত করার সুযোগ ছিল। আমি খেলোয়াড়দের কাছেই থাকতে চেয়েছি, সেটি ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের । খেলোয়াড়দের সঙ্গে আমরা যে দূরত্ব তৈরি হয়েছে সেটি কমাতেই এ সিদ্ধান্ত।’

নাজমুল খোলাখুলিই বললেন, কাজের ক্ষেত্র এতটাই সংকুচিত করে ফেলা হয়েছিল, তিনি বিসিবির চাকরিটা ঠিক উপভোগ করতে পারছিলেন না, ‘কাজের ক্ষেত্রটা যদি মনের মতো না হয়, সেটি উপভোগ করা যায় না। কাজ উপভোগ করা জরুরি। আমি ঠিক উপভোগ করতে পারছিলাম না। এ কাজ চালিয়ে যাওয়ার তাই যৌক্তিকতা নেই।’
জানা গেছে, নাজমুলের সঙ্গে বোর্ডের সঙ্গে শীর্ষ কর্তাদের কেউ কেউ এমন আচরণ করেছেন, যেটি তাঁকে বিসিবি ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে বিদায়ক্ষণে সাকিবদের গুরু এসব বড় করে দেখতে চান না, ‘এমন আচরণ অনেকের সঙ্গে অনেকে করে। এমনটা যে হয়নি, তা না। এসব হয়তো ত্বরান্বিত করেছে সিদ্ধান্ত (বোর্ড ছাড়া) নিতে। তবে মূল কারণ ওটাই, কাজের ক্ষেত্র দিনে দিনে ছোট হয়ে যাচ্ছিল।’
নাজমুল বিসিবি ছাড়লেও ক্রিকেট ছাড়ছেন না। ৩১ বছরের পেশাগত জীবন পেরিয়ে তিনি হয়তো নতুন কোনো ঠিকানা খুঁজে নেবেন। তবে তাঁর মতো মেধা-প্রজ্ঞা কাজে লাগানোর সুযোগটা বিসিবি কিন্তু হারিয়ে ফেলল।