
সারা দিনে একটাই অর্জন—ইনিংস ঘোষণার সাহস দেখাতে পারা। সাব্বির রহমানের ফিফটির সুবাদে বাংলাদেশের স্কোর তখন ৮ উইকেটে ৫৯৫। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এক ইনিংসে দ্বিতীয়বার ছয় শ করা থেকে মাত্র ৫ রান দূরে। তখনই ডাক এল ড্রেসিংরুম থেকে। অধিনায়ক মুশফিকুর রহিমের ইশারায় কামরুল ইসলামকে নিয়ে মাঠ থেকে উঠে আসেন সাব্বির।
বেসিন রিজার্ভে এরপর সারা দিনে যেটা হয়েছে সেটা মোটামুটি প্রত্যাশিতই ছিল। লাঞ্চের আগে ১৮ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ১ উইকেটে ৫৫। তিন সেশনে ৩ উইকেট হারিয়েও ওপেনার টম ল্যাথামের সেঞ্চুরির সৌজন্যে দিন শেষে রান ২৯২। ফলোঅন এড়াতে লাগবে আরও ১০৪। এর আগে সকালে বাংলাদেশের ইনিংসের শেষ পর্বে একটাই উল্লেখযোগ্য ঘটনা। আগের দিন ১০ রানে অপরাজিত থাকা সাব্বির লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাহচর্যেই করে ফেলেছেন টেস্টে নিজের দ্বিতীয় ফিফটি।
তাসমান সাগরের বাতাস আর কিউই পেসারদের বাউন্সার মিলে কন্ডিশনটা বাংলাদেশের জন্য অপরিচিত। সেই বাংলাদেশই যদি ৫৯৫ করে ইনিংস ঘোষণা করতে পারে, একই টেস্টে সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ডাবল সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে দেড় শ; এই দেশের জল-হাওয়ায় বেড়ে ওঠা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের তাহলে কী করা উচিত?
অধিনায়ক কেন উইলিয়ামসন যেন সেটা দেখাতেই ব্যাটিংয়ে নিয়ে এলেন ওয়ানডে মেজাজ। দুই ওপেনার জিত রাভাল, টম ল্যাথাম বা পরে রস টেলর এসেও বাজে বল ছাড়েননি। তবে ভালো বলকে সমীহ দেখিয়ে গেছেন সবাই। সে তুলনায় উইলিয়ামসনের ৫৫ বলে করা ৫৩ ছিল অনেক বেশি আক্রমণাত্মক। আট বাউন্ডারির তিনটিই পেসার কামরুল ইসলামের এক ওভারে। তবে ল্যাথামের সেঞ্চুরির ইনিংস এগিয়েছে ধীরেস্থিরে। সাকিব-মুশফিকের কীর্তিতে বাংলাদেশের ৫৯৫-এর জবাব ল্যাথামের ব্যাটও দিচ্ছে জোরের সঙ্গে।
বাংলাদেশ প্রথম ব্রেক থ্রু পায় কামরুলের প্রথম বলে। অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড রাভাল। লাঞ্চের মিনিট দশেক বাকি থাকতেই প্রথম উইকেট তুলে নিয়ে বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং আক্রমণও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সাকিব আল হাসান ছাড়া সব বোলারই নতুন। কামরুল আর অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এর আগে টেস্ট খেলেছেন দুটি করে, তাসকিন ও শুভাশিসের এটাই অভিষেক টেস্ট। নতুন বলে ইনিংসের প্রথম ওভার করে এক দিক দিয়ে মিরাজেরও ‘অভিষেক’ হয়েছে অবশ্য। নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম কোনো দল নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিনার দিয়ে বোলিং শুরু করল। উইকেট না পেলেও মেহেদীর বল খেলাটা সহজ ছিল না কিউই ব্যাটসম্যানদের জন্য।
শুরুটা খারাপ হয়নি অভিষিক্ত খেলোয়াড়দেরও। শুভাশিসের প্রথম ওভারটাই ছিল মেডেন। বলে নিয়ন্ত্রণ ছিল। তবে নিয়ন্ত্রণ ছিল না তাঁর নিজের ওপর। বল করে উইকেট থেকে বেরিয়ে না গিয়ে পা বারবারই ঢুকে যাচ্ছিল ‘ডেঞ্জার জোনে।’ এ জন্য তাঁকে আম্পায়ারের সতর্কবার্তাও শুনতে হয়েছে দুবার।
তাসকিন নিজের প্রথম ওভারে রাভালকে প্রায় ফিরিয়েই দিচ্ছিলেন। দুর্ভাগ্য, তৃতীয় স্লিপে সহজ ক্যাচটা পড়ে যায় দলের সেরা ফিল্ডার সাব্বিরের হাত থেকে। টেস্টের প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দে ডানা মেলতে না পারলেও প্রথম উইকেটের দেখা কালই পেয়ে গেছেন তাসকিন, সেটাও নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনকে ফিরিয়ে। বাউন্ডারি দিয়ে ফিফটি করার পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন উইলিয়ামসন। তাসকিনের ওই বলটাও ছিল দুর্দান্ত। নিখুঁত লাইনে পড়া বল অফ স্টাম্পের সামান্য বাইরে দিয়ে চলে যাওয়ার সময় ছুঁয়ে যায় ব্যাটের কানা।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ইনিংসজুড়েই বেশ কিছু ক্যাচ দিয়েছেন। কিন্তু প্রবল প্রতাপে ওয়েলিংটন প্রত্যাগত ঠান্ডা হাওয়া যেন একটু আড়ষ্ট করে রাখে বাংলাদেশের ফিল্ডারদের। ক্যাচ উঠলেও ফিল্ডাররা বলের সামনেই যেতে পারেননি। ব্যতিক্রম ইমরুল কায়েস। বিকল্প উইকেটকিপার হিসেবে নিয়েছেন দুটি ক্যাচ। পরশু ব্যাটিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক। সেটা না কমায় কাল মাঠেই নামেননি। এক্স-রে রিপোর্টে যা এসেছে তাতে ওয়েলিংটন টেস্টেই আর খেলতে পারেন কি না সন্দেহ।
অবশ্য কাল সন্ধ্যা থেকে যেভাবে ঝিরিঝিরি বৃষ্টি আর কনকনে হাওয়া বইছে শহরময়, টেস্টের বাকি দুই দিনে খেলোয়াড়েরা কতটা সময় মাঠে থাকতে পারেন, কে জানে।
তৃতীয় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ডি.
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৯২/৩