সাকিব-মুশফিকের মাউন্ট ভিক্টোরিয়া জয়

মধ্যাহ্নবিরতিতে বেসিন রিজার্ভ চলে গেল শিশু-কিশোরদের দখলে। উইকেটের এক পাশ বাঁচিয়ে বাকি মাঠ ছেড়ে দেওয়া হলো তাদের। ব্যাট-বল নিয়ে ইচ্ছামতো ক্রিকেট খেল। ক্রিকেট-উন্নত দেশগুলোতে এই দৃশ্য নিয়মিত। তবু মুগ্ধ আতহার আলী খান, দেখুন, কী সুন্দর ক্রিকেট খেলছে ওরা! কী চমৎকার! '
ধারাভাষ্যকার আতহার আলীর মুগ্ধ দৃষ্টি এরপর বেসিন রিজার্ভের উইকেটে, এখানে এখনই ব্যাটিং করার আসল সময়। পারফেক্ট উইকেট! সাকিব-মুশফিক দুজনেরই উচিত সেঞ্চুরি করে আসা। চার শ রান তো হবেই...। সাকিব আল হাসানের নামের পাশে তখন ৬৬ রান, মুশফিকুর রহিমের ৫৩।
নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের জন্য যে টেস্ট ক্রিকেটকে মনে করা হচ্ছিল দুর্বোধ্য, ওয়েলিংটনে সেই টেস্টেই বাংলাদেশের রাজত্ব! ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের চরম হতাশা উপহার দিয়ে দ্বিতীয় দিনটাকে শুধুই নিজেদের করে নিলেন সাকিব-মুশফিক। টেস্টে দুজনই সেঞ্চুরি পেয়েছেন দুই বছর পর। সাকিব তো পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। এই দুজনের কীর্তিতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর প্রায় মাউন্ট ভিক্টোরিয়ার উচ্চতায়, যেখান থেকে বেসিন রিজার্ভকেও অনেক ক্ষুদ্র মনে হয় ৭ উইকেটে ৫৪২ রান।
ডাবল সেঞ্চুরির দিকে ছুটছিলেন মুশফিকও। কিন্তু বোল্টকে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে গেলেন ১৫৯ রান করে। আজ ডাবল সেঞ্চুরি না পেলেও বাংলাদেশের পক্ষে এই কীর্তি প্রথম গড়েছিলেন তিনিই। এরপর তামিম ইকবাল, আর আজ তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাকিব। সাকিবের কীর্তির পুরোটাতেই সঙ্গী ছিলেন মুশফিক। পঞ্চম উইকেটে দুজনের ৩৫৯ রানের জুটি। আর সেটাই নিউজিল্যান্ডকে ফেলে দিয়েছে হতাশার সমুদ্রে।
সাকিবের ডাবল সেঞ্চুরি আর মুশফিকের সেঞ্চুরিতেই শেষ নয় গেরবের। বেসিন রিজার্ভে যেন বাংলাদেশের জন্য রেকর্ড গড়ারই দিন ছিল আজ! সবচেয়ে বড় অর্জন, সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটিটা এখন টেস্ট ইতিহাসেরই পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ। তামিম ইকবাল-ইমরুল কায়েসের ৩১২ রানের জুটিকে পেছনে ফেলে এটা এখন যেকোনো উইকেটে বাংলাদেশেরও সর্বোচ্চ রানের জুটি।
সাকিবের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস তো হয়েছেই, এই ইনিংসেই পূর্ণ হলো টেস্টে তাঁর তিন হাজার রান। এর আগে অর্জনটা ছিল শুধু হাবিবুল বাশার ও তামিম ইকবালের। দেশের বাইরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান সবই এক ইনিংসে। বাতাসের নগর ওয়েলিংটনে সাকিব আর মুশফিক মিলে যেন বন্যাই বইয়ে দিলেন রেকর্ডের।
টেস্টে এর আগে সাকিবের সর্বশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে। মুশফিকেরও সর্বশেষ সেঞ্চুরি ছিল ওই বছরই। ২০১৪-এর সেপ্টেম্বরে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৬ রান করার পর আর সেঞ্চুরির দেখা পাননি টেস্ট অধিনায়ক। মাঝের ১৯ ইনিংসে তো তিনি ফিফটিই করেছেন মাত্র দুটি, সাকিব তিনটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এই সিরিজে এর আগে মাত্র একটা ম্যাচই খেলেছেন মুশফিক। চোট কাটিয়ে, পুনর্বাসন সেরে মাঠে ফিরেছেন ওয়েলিংটন টেস্টে এবং সেটা কী অসীম আত্মবিশ্বাস নিয়েই! সাকিবও ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেননি। নিজেও বলেছেন, বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিং নিয়ে খুশি নন। ওয়েলিংটন টেস্ট দূর করে দিল এসব অতৃপ্তি। ভুলিয়ে দিচ্ছে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার গ্লানিও।
দিনের চতুর্থ ওভারে আগের দিনের ৬৪ রানেই কট বিহাইন্ড হয়ে ফিরে যান মুমিনুল হক। সাউদির বলটা কাঁধের কাছে উঠে এসে বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়ে গিয়েছিল ব্যাট। বেসিন রিজার্ভের উইকেটের সঙ্গে মিতালি গড়ে সাকিব-মুশফিকের ইতিহাস গড়ার শুরু এরপর থেকেই। ২১৭ রানের ইনিংসের শুরুতেই কাল স্যান্টনারের হাত থেকে জীবন পেয়েছিলেন। আজ ১৮৯ রানে আরও একবার তাঁর ক্যাচ ফেলেছেন টেলর। এ ছাড়া সকাল সকাল একবার বেঁচেছেন রান আউট থেকেও। কিন্তু এ রকম সুযোগ তো কতজনই পান! তাদের কজন পারেন ফিরে পাওয়া জীবনটাকে ডাবল সেঞ্চুরির রঙে রঙিন করতে!
সাকিব সেটা পেরেছেন কিউই বোলারদের শাসন করেই। ২৭৬ বলের ইনিংসে ৩১টি বাউন্ডারিই বলে দিচ্ছে টেস্টের ব্যাটিংয়েও স্বভাবসুলভ আক্রমণাত্মকই ছিলেন তিনি। মুশফিকও কম যাননি। ১৫৯ রানে ২৩ বাউন্ডারি ও এক ছক্কা। উইলিয়ামসনকে মারা ওই ছক্কা দিয়েই লেখা হয়ে গেছে দেশের পক্ষে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড।
এমন কীর্তির দিনে বেসিন রিজার্ভের দর্শকেরা অকাতরেই অভিনন্দন জানালেন সাকিব-মুশফিককে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন চেহারা দেখে আবেগময় তারাও।