সাকিব-মোসাদ্দেকে আবাহনীর ২৯০
শুধু দীনেশ কার্তিকই একটু নিষ্প্রভ থাকলেন। নইলে আবাহনীর মূল কুশীলবেরা ছিলেন প্রায় আগের ম্যাচের মতোই। সেই লিটন দাস, এরপর সাকিব আল হাসান। দীনেশ কার্তিকের জায়গায় যোগ হলেন শুধু মোসাদ্দেক হোসেন।
মোহামেডানের বিপক্ষে এই বিকেএসপিতেই আগের ম্যাচে ৩৭১ রান করে ২৬০ রানে জেতে আবাহনী। লিটনের পর সেঞ্চুরি করেছিলেন দীনেশ কার্তিক। আজ অবশ্য কারও সেঞ্চুরি ছাড়াই লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে আবাহনী।
তামিম ইকবাল-লিটন দাসের ৭৬ রানের উদ্বোধনী জুটির পর ১১২ রানের মধ্যে নেই ৪ উইকেট। সেখান থেকে রানটা শেষ পর্যন্ত ২৯০ হলো মূলত সাকিব আর মোসাদ্দেকের ব্যাটে চড়ে। পঞ্চম উইকেটে ১৪০ রানের জুটি, ফিফটি করেছেন দুজনই। ১১২ রানে ৪ উইকেট পড়ার পর এ দুজন মিলেই স্কোরটা নিয়ে যান আড়াই শর ওপরে।
আগের ম্যাচে মাত্র ২৪ বলে ৫৭ করা সাকিবের ব্যাটে ঝড় উঠেছে আজও। আসিফের বলে ডিপ স্কয়ার লেগে জহুরুলের ক্যাচ হওয়ার আগে ৫৭ বলে ৬৬, হাফ ডজন বাউন্ডারির সঙ্গে সৌম্য সরকার ও আসিফ আহমেদকে মারা দুর্দান্ত ছক্কা দুটি গেছে ডিপ স্কয়ার লেগ আর মিড উইকেট দিয়ে।
সঙ্গী মোসাদ্দেকও কম যাননি। বরং সাকিরে চেয়েও বেশি আক্রমণাত্মক ছিল তাঁর ব্যাট। ৪০ বলে ফিফটির পর ইনিংস থেমেছে ৫৫ বলে ৭৩ রানে গিয়ে। আট বাউন্ডারির সঙ্গে দুই ছক্কা তাঁর ইনিংসেও।
সাকিব-মোসাদ্দেক জুটিতে ইনিংসের গতি পরিবর্তন হলেও এর আগে বিপদের শঙ্কা ছড়াচ্ছিল আবাহনী শিবিরে। ৩৩ রান করে তাইজুল ইসলামের বলে তামিম লং অনে জহুরুল ইসলামের ক্যাচ। লিটন গত ম্যাচের মতোই স্বচ্ছন্দ ছিলেন। কিন্তু ফিফটির পরপর তাইজুলের বলে মিড উইকেটে আসিফ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। কাভারে শূন্যে ভেসে পবন নেগির নেওয়া দুর্দান্ত আরেক ক্যাচে আসিফ আহমেদের বলে আউট নাজমুল হোসেন। আবাহনীর প্রথম ৪ উইকেটের ৩টিই তাইজুলের।
তখন মনে হচ্ছিল, দিনটা বুঝি বাঁহাতি এই স্পিনারেরই হতে যাচ্ছে। বল না করেও অবশ্য একটা দিক দিয়ে তাইজুলের চেয়ে এগিয়ে থেকেছেন জহুরুল। আবাহনীর আট ব্যাটসম্যানই আউট হয়েছেন ক্যাচ দিয়ে। এই আট ক্যাচের চারটিই নিয়েছেন জহুরুল।