সাকিব যখন একা

দেখে ভুল হতে পারে যে কারোরই। সাকিব আল হাসানের সাজা কি তাহলে মওকুফ হয়ে গেল!
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল হয়ে গেছে। সেখানে তো তিনি নেই-ই, এর আগে ঘোষিত ২৫ জনের দলে থেকেও ছিলেন না-থাকার মতো। সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের বহিষ্কারাদেশের পরদিন থেকেই চন্ডিকা হাথুরুসিংহের অনুশীলনে ব্রাত্য হয়ে পড়েন সাকিব আল হাসান। সেই তিনিই কি না কাল একাডেমি ভবনের টিম মিটিংয়ে হাজির!
না, মওকুফ হয়নি বা কমেওনি সাকিবের সাজা। তবে কাল থেকে তিনি অনুশীলন শুরু করেছেন এবং এর আগে যোগ দেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের টিম মিটিংয়ে। ঈদের ছুটির পর কাল ওই মিটিং দিয়েই আবারও শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি। সে সঙ্গে সাকিবের একাকী ‘সংগ্রাম’ও।
কোচের দেওয়া সূচি ধরে ফিটনেস বা স্কিল ট্রেনিংয়ের মতো অনুশীলনগুলো আপাতত সাকিব একাই করবেন। দূরে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুশীলন থেকে। কাল তো জাতীয় দল সতীর্থদের সঙ্গে ফুটবলও খেললেন না! মিটিং শেষে অন্য ক্রিকেটাররা যখন ফুটবল নিয়ে নেমে পড়লেন মাঠে, গ্যালারিতে দর্শক হয়ে থাকলেন সাকিব।
নতুন নতুন এসেছেন বলেই হয়তো ক্রিকেটারদের মনোজগৎকে ভালোভাবে বুঝে নিতে টিম মিটিংটাকে গুরুত্ব দিচ্ছেন হাথুরুসিংহে। জাতীয় দলের সঙ্গে অনুশীলন না করলেও সেই মিটিংগুলোয় সাকিবকে রাখবেন কোচ। কালও যেমন জিমনেসিয়ামে ঢোকার আগে হাথুরুসিংহের মিটিংয়ে ছিলেন এই অলরাউন্ডার। থাকবেন আজ এবং আগামীকালের মিটিংয়েও। অবশ্য এই দুই দিনের দুই ঘণ্টাব্যাপী মিটিংগুলো হাথুরুসিংহে করবেন না, করবেন মনোবিদ ফিল জনসি।
ক্রিকেটারদের মনোজগতে পরিবর্তন ঘটাতে গত এপ্রিলে আনা হয়েছিল প্রবাসী বাংলাদেশি মনোবিদ আলী আজহার খানকে। তাঁর দেওয়া টোটকা খেলোয়াড়দের মধ্যে কতখানি প্রভাব ফেলল, সেটা বোঝার আগেই কোচের পরামর্শ মেনে বিসিবি এবার দ্বারস্থ হয়েছে অস্ট্রেলিয়ান মনোবিদ জনসির। কাল রাতেই ঢাকায় পৌঁছানোর কথা এই ভদ্রলোকের। আজ ও কাল জনসির ক্লাস করার পর হয়তো আরও দু-এক দিন ফিটনেস ট্রেনিং করবেন সাকিব। এরপরই শুরু হবে ব্যাটিং-বোলিং অনুশীলন।
গতকালের টিম মিটিংয়ে কোচ মূলত তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাই তুলে ধরেছেন ক্রিকেটারদের সামনে। নিয়েছেন খেলোয়াড়দের মতামতও। সাকিবসহ ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে থাকা ২৫ জন খেলোয়াড়ই উপস্থিত ছিলেন সেখানে। মিটিং শেষে এক খেলোয়াড় জানালেন, ‘ভবিষ্যৎ লক্ষ্য কী হওয়া উচিত, কীভাবে সে লক্ষ্য পূরণ করতে হবে, মূলত এসব নিয়েই আলোচনা হয়েছে।’ আলোচনা হয়েছে নিজেদের সীমাবদ্ধতা নিয়েও। কোচ খেলোয়াড়দের কাছে জানতে চেয়েছেন, তাঁদের চোখে দলের সীমাবদ্ধতা কোথায়, কীভাবে কাটিয়ে ওঠা যায় সেসব।
তিনটি ওয়ানডে, দুটি টেস্ট আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। গত কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনা করলে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর মুশফিকুর রহিমের দলের জন্য বিরাট এক চ্যালেঞ্জ হয়েই আসছে। চলতি বছরে দুটি টেস্ট খেলে একটিতে ড্র করতে পারলেও এখন পর্যন্ত খেলা ১০টি ওয়ানডে ম্যাচের ৯টিতেই হেরেছে বাংলাদেশ দল। ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সাতটিতেই হার, জয় পাওয়া গেছে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান আর নেপালের বিপক্ষে ম্যাচ দুটিতে।
এমন একটা বছরের বাকি ম্যাচগুলো সাকিবকে ছাড়াই খেলবে বাংলাদেশ! সম্ভবত নয়। বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিলেও সাকিব ফিরতে পারেন অক্টোবর-নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজেই।